দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ আজ বৃহস্পতিবার। ভোটের সার্বিক প্রস্তুতি চূড়ান্ত করতে নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদের নেতৃত্বে ২০ কর্মকর্তা বৈঠক করেছেন। নির্বাচন ভবনে অনুষ্ঠিত বৈঠকে ভোটগ্রহণের প্রক্রিয়া ও নির্ধারিত সময়ের মধ্যে ভোট শেষ করার বিষয় নিয়ে আলোচনা হয়।
বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত বৈঠক শেষে ইসি কর্মকর্তারা রাষ্ট্রপতি নির্বাচনের প্রয়োজনীয় সামগ্রী নিয়ে জাতীয় সংসদ ভবনের উদ্দেশে রওনা হওয়ার প্রস্তুতি নেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দুপুর ২টায় সংসদ ভবনের সংসদকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ইসি সচিব আখতার আহমেদ বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তারা দুপুর ১২টা থেকে সোয়া ১২টার মধ্যে জাতীয় সংসদে পৌঁছাবেন। নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন কিছুটা পরে সংসদে যাবেন বলেও জানান তিনি।
রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনার জন্য নির্বাচনী কর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। তাঁকে দাপ্তরিক ও নির্বাচনী কার্যক্রমে সহায়তা করতে ইসি ২০ কর্মকর্তাকে সহায়ক কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছে।
এর আগে ১৮ আগস্ট এক অফিস আদেশে এসব কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়। ওই আদেশে বলা হয়, ২০২৬ সালের রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট আয়োজনের জন্য ইতিমধ্যে সময়সূচি ঘোষণা করা হয়েছে। ভোটের দিন বৃহস্পতিবার দুপুর ২টায় ঢাকার শেরেবাংলানগরে জাতীয় সংসদ ভবনের সংসদকক্ষে এসব কর্মকর্তা দায়িত্ব পালন করবেন।
নির্বাচন পরিচালনায় সিইসিকে সহায়তার দায়িত্ব পাওয়া ২০ কর্মকর্তা হলেন—নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ, যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান, উপসচিব রাশেদুল ইসলাম, পরিচালক মো. সাইফুল ইসলাম, উপসচিব মোহাম্মদ মনির হোসেন, উপসচিব মুনীর হোসাইন খান, প্রধান নির্বাচন কমিশনারের একান্ত সচিব মোহাম্মদ আশ্রাফুল আলম, সিনিয়র সচিবের একান্ত সচিব মো. মোখলেছুর রহমান, সিনিয়র সহকারী সচিব এ টি এম শামীম মাহমুদ, সিনিয়র সহকারী সচিব সৈয়দ আফজাল আহাম্মেদ, সিনিয়র সহকারী সচিব মো. রশিদ মিয়া, একান্ত সচিব এ এস এম জাকির হোসেন, একান্ত সচিব এস এম হাবিবুর রহমান, সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী, সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম, একান্ত সচিব মোহাম্মদ কামরুজ্জামান, সিনিয়র সহকারী সচিব আসমা দিলারা জান্নাত, একান্ত সচিব রৌশন আরা বেগম, সিনিয়র সহকারী সচিব আরাফাত আরা এবং সিনিয়র সহকারী সচিব এ এস এম ইকবাল হাসান।
নির্ধারিত সময় অনুযায়ী আজ জাতীয় সংসদ ভবনের সংসদকক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ হবে। নির্বাচন পরিচালনার সার্বিক দায়িত্বে থাকবেন সিইসি এ এম এম নাসির উদ্দিন।
