বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে আজ শুক্রবার সন্ধ্যায় শপথ নেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় সংসদ সদস্যদের ভোটে ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুলের শপথ অনুষ্ঠান হবে বঙ্গভবনের দরবার হলে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট অনুষ্ঠিত হয়। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলা ভোটে মির্জা ফখরুলের প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য সমর্থিত প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। নির্বাচন কমিশনের ভোটার তালিকায় ৩৪৯ জন সংসদ সদস্য থাকলেও ভোট দিয়েছেন ৩৪৩ জন। বিভিন্ন কারণে ছয়জন ভোট দিতে পারেননি।
নির্বাচনের পর নির্বাচন কমিশন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে। রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ এবং রাষ্ট্রপতি নির্বাচন বিধিমালা অনুযায়ী তাকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত ঘোষণা করা হয়।
শপথ গ্রহণের আগে শুক্রবার দুপুরে জুমার নামাজের পর রাজধানীর শেরেবাংলানগরের জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মির্জা ফখরুল। এ সময় সংসদ সদস্য কামরুজ্জামান রতন ও তার সহকারী একান্ত সচিব ইউনুস আলী উপস্থিত ছিলেন।
শপথ অনুষ্ঠানের জন্য বঙ্গভবনের দরবার হলের প্রস্তুতি ইতিমধ্যে শেষ হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে ১ হাজার ২০০-এর বেশি অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। সন্ধ্যা সাড়ে ৭টায় নবনির্বাচিত রাষ্ট্রপতি শপথ নেবেন। ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল তাকে শপথবাক্য পাঠ করাবেন এবং মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি অনুষ্ঠান পরিচালনা করবেন।
প্রসঙ্গত, গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন আওয়ামী লীগ আমলে নির্বাচিত মো. সাহাবুদ্দিন। পদটি শূন্য হওয়ার পর সাংবিধানিক বিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়। ৩৫ বছর পর একাধিক প্রার্থী নিয়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় এবারের ভোটকে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
