বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মো. রেজাউল করিম বলেছেন, সংগঠনের সদস্যদের বাইয়াতের মর্যাদা অব্যাহতভাবে রক্ষার চেষ্টা করতে হবে। নবীয়ানা জীবনধারার আলোকে জীবন পরিচালনা এবং জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করতে হবে।
বুধবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের হাতিরঝিল থানা পশ্চিমের উদ্যোগে আয়োজিত ষান্মাসিক সদস্য (রুকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. রেজাউল করিম বলেন, নিজেদের সময়কে আন্দোলনের নেয়ামত হিসেবে কাজে লাগাতে হবে। কুরআন, হাদিস ও সাহিত্য অধ্যয়নের পরিমাণ বাড়াতে হবে। পাশাপাশি মৌলিক ইবাদতও বাড়াতে হবে।
তিনি আরো বলেন, চলমান সব কর্মসূচি পালনে রুকনদের সর্বোচ্চ ত্যাগের নজির স্থাপন করতে হবে। মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করতে হবে এবং তাদের সেবা করতে হবে।
সম্মেলনে সভাপতিত্ব করেন ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য ও হাতিরঝিল থানা পশ্চিমের আমির মো. নূরুল ইসলাম আকন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন থানা সেক্রেটারি মো. রাশেদুল ইসলাম রাশেদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও অঞ্চল পরিচালক মো. হেমায়েত হোসেন এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরী প্রচার-মিডিয়া সম্পাদক মু. আতাউর রহমান সরকার।
সম্মেলনের শুরুতে দারসুল কুরআন উপস্থাপন করেন গাজীপুর মহানগরী মজলিসে শূরা সদস্য ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় শাখা জামায়াতে ইসলামীর সভাপতি প্রফেসর ড. মো. সাইদুল হক।
পরে মহানগরী মজলিসে শূরা সদস্য ও থানা সেক্রেটারি মো. রাশেদুল ইসলাম রাশেদ ষান্মাসিক রিপোর্ট-২০২৬ উপস্থাপন করেন। রিপোর্টের ওপর উপস্থিত রুকনরা পর্যালোচনায় অংশ নেন এবং আগামী দিনে সামগ্রিক কার্যক্রমের উন্নয়নে প্রত্যয় ব্যক্ত করেন।
