দেশজুড়ে মানুষ অনিরাপত্তার মধ্যে রয়েছে এবং বিরোধী দলের ওপর দমন-পীড়ন চলছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনে বিরোধী দলের সদস্যরা ওয়াকআউট করেন। পরে আয়োজিত এক ব্রিফিংয়ে নাহিদ ইসলাম এসব অভিযোগ করেন।
নাহিদ ইসলাম বলেন, সংসদে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়টি তুলে ধরলে তা নিয়ে কটূক্তি করা হয়েছে। একই সঙ্গে স্পিকারের আচরণেও পক্ষপাতিত্ব ছিল বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, মানবাধিকার ও গুম প্রতিরোধ আইনসহ বিভিন্ন আইন বিচ্ছিন্নভাবে এনে সরকারি দলের পছন্দ অনুযায়ী পাস করিয়ে নেওয়া হচ্ছে। তার ভাষায়, এ ধরনের কর্মকাণ্ড ‘সংসদীয় স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা’র দিকে যাচ্ছে। এর প্রতিবাদেই বিরোধী দলের ওয়াকআউট বলে জানান তিনি।
ওয়াকআউটের আগে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের একটি বক্তব্যকে কেন্দ্র করে জাতীয় সংসদে উত্তেজনা তৈরি হয়।
বিরোধী দলের সদস্যরা অভিযোগ করেন, ওই বক্তব্যে তাদের তুচ্ছ-তাচ্ছিল্য করা হয়েছে। এ নিয়ে তারা তীব্র আপত্তি জানান এবং সংসদে হইচই শুরু হয়। এতে কিছু সময়ের জন্য সংসদের কার্যক্রমে অচলাবস্থার মতো পরিস্থিতি তৈরি হয়।
পরবর্তীতে বিরোধী দলের তীব্র আপত্তির মুখে স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্য প্রত্যাহারের কথা জানান। তবে এতে তাৎক্ষণিকভাবে সংসদের পরিস্থিতি পুরোপুরি শান্ত হয়নি।
