সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে নিহত তিনজনের পরিচয় জানা যায়নি।
শুক্রবার দিবাগত রাতে আশুলিয়ার মধ্য জামগড়া এলাকার হযরত আলীর মালিকানাধীন একটি বাড়ি থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে জানা গেছে, ওই কক্ষটির দরজা-জানালা সাধারণত বন্ধ থাকত। স্বামী-স্ত্রীর পরিচয়ে তারা বাসাটি ভাড়া নিয়েছিলেন। শুক্রবার রাতে কক্ষটি থেকে পচা দুর্গন্ধ বের হলে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কক্ষ থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে। পরে ভোরে সিআইডির ফরেনসিক দলের সদস্যরা সেখানে গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করেন।
আশুলিয়া থানার ডিউটি অফিসার এসআই রাসেল হোসেন জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহগুলো উদ্ধার করে। নিহতদের মধ্যে একজন পুরুষ, একজন নারী ও তাদের শিশু সন্তান রয়েছে।
তিনি জানান, ওই পুরুষের গলায় গামছা প্যাঁচানো অবস্থায় পাওয়া গেছে। তবে নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঘটনার বিষয়ে পুলিশ তদন্ত করছে।
