সরকার ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লংমার্চে বাধা দেওয়ার চেষ্টা করলে কর্মসূচির ছয় দফা দাবি এক দফায় পরিণত হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ১১ দলীয় ঐক্যের লংমার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এ কথা বলেন। গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচারসহ ছয় দফা দাবিতে এ লংমার্চের আয়োজন করা হয়েছে। সমাবেশ শুরু হয় সকাল ৭টায়।
নাহিদ ইসলাম বলেন, লংমার্চটি সাধারণ মানুষের কর্মসূচি। দেশে গ্যাস ও বিদ্যুৎ নিয়ে চলমান সংকটের মধ্যেই এ কর্মসূচি আয়োজন করা হয়েছে। তাঁর অভিযোগ, যারা নতুন করে স্বৈরাচারী হওয়ার চেষ্টা করছে, চাঁদাবাজি করছে এবং গণভোটের গণরায়ের সঙ্গে প্রতারণা করেছে, লংমার্চটি তাদের বিরুদ্ধে।
তিনি বলেন, যত বাধাই আসুক, ১১ দলীয় ঐক্যের লংমার্চ চট্টগ্রামে পৌঁছাবে।
সরকারের উদ্দেশে নাহিদ ইসলাম বলেন, তারা শান্তিপূর্ণভাবে লংমার্চ পালন করবেন। তবে সরকার বাধা দেওয়ার চেষ্টা করলে ছয় দফা দাবি এক দফায় পরিণত হবে।
নাহিদ ইসলামের বক্তব্য অনুযায়ী, চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধেও এ লংমার্চ। পাশাপাশি তেল, গ্যাস ও বিদ্যুতের সিন্ডিকেট করে দাম বাড়ানোর চেষ্টা করা হচ্ছে—এমন অভিযোগের বিরুদ্ধেও কর্মসূচি পালন করা হচ্ছে বলে জানান তিনি। গণভোটে ৭০ শতাংশ জনগণের রায়ের সঙ্গে প্রতারণার অভিযোগও তোলেন এনসিপির আহ্বায়ক।
জুলাই গণহত্যার বিচার, গণভোটের রায় বাস্তবায়ন, গ্যাস-বিদ্যুৎ ও সারের সংকট সমাধানসহ ছয় দফা দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে এ লংমার্চের আয়োজন করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।
লংমার্চে নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, নাহিদ ইসলাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ জোটের শীর্ষ নেতাদের।
