জাতিসংঘের অধিবেশনে নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ দেবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। নিউইয়র্ক সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনাও রয়েছে বলে জানান তিনি।
শনিবার সকালে সিলেট নগরীর একটি হোটেলে টেলিভিশন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়ে হুমায়ুন কবির বলেন, সফরের দিন-তারিখ এখনো চূড়ান্ত হয়নি। এ বিষয়ে আলোচনা চলছে।
তিনি বলেন, ভারতের সঙ্গে নানা সমস্যা থাকলেও আলোচনার পথ বন্ধ নেই। প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা উচিত।
জ্বালানি খাতের পরিস্থিতি নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এই খাতে কীভাবে ‘সাইকোপ্যাথিক দুর্নীতি’ করা যায়, তা এনার্জি সেক্টর দেখলেই বোঝা যাবে। তবে প্রধানমন্ত্রী জ্বালানি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন এবং সংকট সমাধানে সরকার আন্তরিকভাবে কাজ করছে।
মক্কা চুক্তির বিষয়ে হুমায়ুন কবির বলেন, এ নিয়ে আলোচনা চলছে। বাংলাদেশের এতে যুক্ত হওয়া অস্বাভাবিক নয়। তাঁর ভাষ্য, অনেক দেশ বর্তমানে একাধিক নিরাপত্তা জোটের সঙ্গে যুক্ত রয়েছে।
তিনি বলেন, জাতীয় স্বার্থের ভিত্তিতে যেখানে যাওয়া প্রয়োজন, বাংলাদেশ সেখানে যাবে।
যুক্তরাষ্ট্রের কাছ থেকে বোয়িং বিমান কেনার প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বোয়িং কিনতে বাংলাদেশকে কেউ চাপ দিচ্ছে না। চাহিদা রয়েছে বলেই যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে। প্রয়োজন হলে ভবিষ্যতে আরও বোয়িং কেনা হবে।
মালয়েশিয়ায় শ্রমশক্তি রপ্তানি প্রসঙ্গে হুমায়ুন কবির অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের সময়কার সিন্ডিকেটের কারণে এতে নেতিবাচক প্রভাব পড়েছিল। তাঁর দাবি, বর্তমান সরকার সেই সিন্ডিকেট ভেঙে দিয়েছে।
তিনি জানান, এখন ধাপে ধাপে মালয়েশিয়ায় শ্রমশক্তি রপ্তানি করা হবে।
এ সময় সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী ও বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী উপস্থিত ছিলেন।
