ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। একই সঙ্গে হামলাকারীদের বিচারের দাবি জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এ প্রতিক্রিয়া জানান নাসীরুদ্দীন পাটওয়ারী।
ফেসবুক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ভেনিসে হামলার সময় আজমেরী হক বাঁধনকে জোর করে ‘জয় বঙ্গবন্ধু’ বলানোর চেষ্টা করা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, রাজনৈতিক স্লোগান ভয়, হুমকি বা শক্তি প্রয়োগের মাধ্যমে কারও মুখে তুলে দেওয়ার চেষ্টা জবরদস্তি ও অসহিষ্ণুতার রাজনীতিতে পরিণত হয়।
তিনি লেখেন, ‘আজ ওখানে আমার সন্তানও থাকতে পারতো। এভাবে শান্তিতে থাকা যায় না। এগুলো বন্ধ করতে হবে। আমরা সবাই বিচার চাই। রাষ্ট্রের কাছে বিচার চাই।’
নাসীরুদ্দীন পাটওয়ারী তার বক্তব্যে জুলাইয়ের দিনগুলোতে আজমেরী হক বাঁধনের ভূমিকার কথাও উল্লেখ করেন। তিনি বলেন, ওই সময়ে বাঁধন ছাত্র-জনতার পাশে দাঁড়িয়েছিলেন এবং অন্যায়ের বিরুদ্ধে কণ্ঠ তুলে রাজপথে নেমেছিলেন।
পাটওয়ারীর ভাষ্য অনুযায়ী, নীরব থাকা সহজ হলেও বাঁধন তখন নীরব থাকেননি।
পাটওয়ারী বলেন, আন্তর্জাতিক চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ আসর ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে গিয়ে পরিবারসহ হামলার শিকার হয়েছেন আজমেরী হক বাঁধন।
তিনি বাঁধন ও তার পরিবারের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং হামলাকারীদের বিচার দাবি করেন।
