ভারত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিলে দেশের আইন অনুযায়ী তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
মঙ্গলবার মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, শেখ হাসিনা ও তাঁর দলের অনেক নেতা-কর্মী ভারতে অবস্থান করছেন এবং তাঁদের অনেকে সাজাপ্রাপ্ত। ভারতের সঙ্গে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তির আওতায় এ বিষয়ে ভারত সরকারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
তিনি বলেন, ভারত সরকার বিষয়টিকে আইনগত বিষয় হিসেবে দেখছে এবং দেশটির বিচার বিভাগ বিষয়টি পর্যালোচনা করছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ভাষ্য, শেখ হাসিনা একজন দণ্ডপ্রাপ্ত আসামি। তিনি কোথায় অবস্থান করছেন বা কী বলছেন, সেটি বাংলাদেশের সরকারের কাছে মূল বিবেচ্য বিষয় নয়। প্রত্যর্পণ প্রক্রিয়ার মাধ্যমে তাঁকে বাংলাদেশে ফিরিয়ে আনা হলে দেশের আইনে তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। বিষয়টি বাংলাদেশের আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীও এরই মধ্যে স্পষ্ট করেছেন বলে জানান তিনি।
মক্কা চুক্তি প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, বাংলাদেশ ওই জোটে যুক্ত হবে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
তিনি বলেন, ভবিষ্যতে আন্তর্জাতিক কোনো জোটে যুক্ত হওয়ার ক্ষেত্রে বাংলাদেশের নিজস্ব নীতি বিবেচনা করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’—এই ভিশন সামনে রেখে কোনো জোটে যোগ দেওয়ার আগে তা দেশের মানুষের স্বার্থে কতটা উপকারী হবে, সেটি মূল্যায়ন করা হবে।
মানবপাচার প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দেশের ১৪টি জেলা নিয়ে এ বিষয়ে কাজ করা হয়েছে, যার মধ্যে মাদারীপুরও রয়েছে। তাঁর ভাষ্য, মাদারীপুরের মানবপাচারের সঙ্গে আন্তর্জাতিক দালালচক্র জড়িত এবং দেশে ও বিদেশে তাদের অবস্থান রয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এসব দালালকে শনাক্ত করে তাদের নাম ও পরিচয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানান তিনি। এর মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে তাদের গ্রেপ্তারের উদ্যোগ নেওয়া সম্ভব হতে পারে বলে উল্লেখ করেন।
বিদেশে অবস্থান করে কোনো বাংলাদেশি মানবপাচারের সঙ্গে যুক্ত থাকলে সে বিষয়ে তথ্য দেওয়ারও আহ্বান জানান শামা ওবায়েদ। তিনি বলেন, সরকার বিষয়টি সমাধানে কার্যকরভাবে কাজ করবে।
মানবপাচার প্রতিরোধে পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যৌথভাবে একটি কমিটি গঠন করেছে বলেও জানান তিনি। লিবিয়া হয়ে ইতালি যাওয়ার প্রবণতা বন্ধে ইতালি ও লিবিয়া সরকারের সঙ্গে একাধিকবার আলোচনা হয়েছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
সভায় মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জানদার আলী মিয়া, মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার, মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা এবং সংরক্ষিত আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খান বক্তব্য দেন।
মাদারীপুর জেলা প্রশাসক মর্জিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পুলিশ সুপারসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
