দাপ্তরিক যোগাযোগ, সরকারি নথিপত্র ও সারসংক্ষেপে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের পদবির আগে ‘মহামান্য’, ‘মাননীয়’ কিংবা অন্য কোনো সম্মানসূচক শব্দ ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বুধবার এ বিষয়ে একটি পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। পরিপত্রে সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর করার কথা জানানো হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্রে বলা হয়েছে, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের সঙ্গে দাপ্তরিক যোগাযোগের ক্ষেত্রে তাঁদের পদবির আগে সম্মানসূচক শব্দ লিখিতভাবে ব্যবহার করা যাবে না। একইভাবে সরকারি নথিপত্র ও সারসংক্ষেপ উপস্থাপনের সময়ও এসব শব্দ ব্যবহার না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পরিপত্র অনুযায়ী, রাষ্ট্রপতির পদবির আগে ‘মহামান্য’ এবং প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর পদবির আগে ‘মাননীয়’ বা অন্য কোনো সম্মানসূচক শব্দ লিখিতভাবে ব্যবহার না করার জন্য অনুরোধ করা হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, বিষয়টিকে অতি গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করে সিদ্ধান্তটি অনতিবিলম্বে কার্যকর করার কথা পরিপত্রে বলা হয়েছে।
এর ফলে সরকারি দাপ্তরিক যোগাযোগ ও নথিপত্রে সংশ্লিষ্ট ব্যক্তিদের পদবি সরাসরি ব্যবহারের নির্দেশনা কার্যকর হলো।
