বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন সায়মা ওয়াজেদ। জালিয়াতির অভিযোগ নিয়ে ডব্লিউএইচও ও বাংলাদেশের কর্তৃপক্ষের আনুষ্ঠানিক তদন্ত শুরুর প্রেক্ষাপটে বুধবার (৯ সেপ্টেম্বর) তিনি পদত্যাগপত্র জমা দেন।
ডব্লিউএইচওর মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রেয়াসুসের কাছে পাঠানো চিঠিতে সায়মা ওয়াজেদ অবিলম্বে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানান।
২০২৪ সালের শুরুর দিকে পাঁচ বছর মেয়াদে আঞ্চলিক পরিচালকের দায়িত্ব নেন সায়মা ওয়াজেদ। ক্ষমতার পরিবর্তনের পর বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) ২০২৫ সালের মার্চে তার বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে মামলা করে। একই বছরের জুলাইয়ে তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়। পরে বছরের শেষ দিকে ডব্লিউএইচও তাকে অবৈতনিক প্রশাসনিক ছুটিতে রাখে।
রয়টার্সের দেখা ৩ জুলাইয়ের একটি চিঠি অনুযায়ী, সায়মা ওয়াজেদের বিরুদ্ধে চীন সফরসংক্রান্ত আর্থিক জালিয়াতি এবং শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে ভুল তথ্য দেওয়ার অভিযোগ তোলে ডব্লিউএইচও। তবে শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন তিনি।
পদত্যাগপত্রে সায়মা ওয়াজেদ জানান, ডব্লিউএইচও তার বিরুদ্ধে বাংলাদেশে বেআইনিভাবে একটি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগও এনেছিল। তার দাবি, ডব্লিউএইচওতে যোগ দেওয়ার আগেই তিনি ওই জমি পেয়েছিলেন এবং শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের জন্য নির্ধারিত আইনের অধীনে সেটি পাওয়ার বৈধ অধিকার তার ছিল।
ডব্লিউএইচও মহাপরিচালককে দেওয়া চিঠিতে নিজের দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগ তুলে সংস্থাটির নেতৃত্বের ওপর আস্থা হারানোর কথা জানান সায়মা। একই সঙ্গে প্রায় এক বছর বেতন না পাওয়ায় তার আর্থিক পরিস্থিতি সংকটাপন্ন হয়ে পড়েছে বলেও উল্লেখ করেন তিনি।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ডব্লিউএইচওর অভ্যন্তরীণ দুটি সূত্রের ভাষ্য অনুযায়ী, সায়মা ওয়াজেদকে আনুষ্ঠানিকভাবে অপসারণের পরিকল্পনা করছিল সংস্থাটি। একটি সূত্র জানিয়েছে, আগামী ১২ অক্টোবর নতুন আঞ্চলিক পরিচালক পদের জন্য মনোনয়ন আহ্বান করা হতে পারে। ডিসেম্বরে আবেদন যাচাই-বাছাইয়ের পর ২০২৭ সালের ২৪ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালকের পদটি জনস্বাস্থ্য নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ। মহামারি বা জরুরি পরিস্থিতিতে স্বাস্থ্য সুরক্ষায় নেতৃত্ব দেওয়া এবং স্থানীয় পরিস্থিতি অনুযায়ী নীতি বাস্তবায়নে এ পদের দায়িত্ব রয়েছে। বাংলাদেশ ও ভারতসহ অঞ্চলের সদস্য দেশগুলোর ভোটে প্রতি পাঁচ বছর পরপর আঞ্চলিক পরিচালক নির্বাচিত হন।
চীন সফরসংক্রান্ত ৯০১ ডলারের আর্থিক অনিয়মের অভিযোগের বিষয়ে জুলাইয়ের চিঠিতে সায়মা ওয়াজেদ বলেন, এটি তার এক সহকারীর নিয়মিত বিল জমা দেওয়ার সময় ঘটে যাওয়া প্রশাসনিক ভুল ছিল। শিক্ষাগত যোগ্যতা নিয়ে তিনি জানান, বাংলাদেশে অটিজম নিয়ে কাজের স্বীকৃতি হিসেবে তিনি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেয়েছিলেন এবং এ বিষয়ে ডব্লিউএইচও মহাপরিচালক আগে থেকেই অবগত ছিলেন।
সায়মা ওয়াজেদের পদত্যাগের বিষয়ে তাৎক্ষণিকভাবে ডব্লিউএইচওর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এর আগে সংস্থাটি গোপনীয়তার কারণ দেখিয়ে অভিযোগের বিস্তারিত জানানো থেকে বিরত ছিল।
