দেশের গ্যাস-বিদ্যুৎ সরবরাহ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিরোধী দল মাঠে থাকবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে নিজের নির্বাচনি এলাকা ঢাকা-১১ আসনের সাতারকুল স্কুল অ্যান্ড কলেজে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, দেশে শেখ হাসিনার সময় থেকেই গ্যাস ও বিদ্যুৎ সংকট রয়েছে। ওই সময় থেকেই দেশে বিভিন্ন ধরনের দুর্নীতি হয়েছে বলেও দাবি করেন তিনি। তার মতে, এখনো এসব সমস্যা পুরোপুরি দূর হয়নি।
তিনি আরও বলেন, গত সাত মাসে সরকার যথাযথ উদ্যোগ নিলে এসব সংকট মোকাবিলা করা সহজ হতো।
বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, সর্বশেষ নির্বাচনে সাতারকুলের মানুষ চাঁদাবাজদের প্রত্যাখ্যান করেছে। ভবিষ্যতেও জনগণ তাদের নির্বাচিত করবে না বলে মন্তব্য করেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, সরকারি দলের মতো বিরোধী দল উন্নয়ন বরাদ্দ পায় না। ফলে ইচ্ছা থাকা সত্ত্বেও এলাকার উন্নয়ন নিয়ে পরিকল্পনা করা কঠিন হয়ে পড়ে।
এ কারণে সরকারি দল ও বিরোধী দলের জন্য উন্নয়ন বরাদ্দ সমান হওয়া উচিত বলে মত দেন তিনি।
