রাজধানীর আগারগাঁওয়ে দেশের প্রথম বিশেষায়িত কম্পিউটার বাজার হিসেবে যাত্রা শুরু করা বিসিএস কম্পিউটার সিটি ২৭ বছর পূর্ণ করেছে। ১৯৯৯ সালের ১১ সেপ্টেম্বর যাত্রা শুরু করা এই বাজার বর্তমানে দেশের সবচেয়ে বড় প্রযুক্তিপণ্যের বাজার হিসেবে পরিচিত। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যবসায়ী, প্রযুক্তিপণ্য বিক্রেতা, ক্রেতা ও তথ্যপ্রযুক্তি খাতের উদ্যোক্তাদের অংশগ্রহণে বিভিন্ন আয়োজন করা হয়েছে।
নব্বইয়ের দশকে দেশে কম্পিউটার ব্যবহারের প্রসার বাড়তে শুরু করলে বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) নিয়মিত ‘বিসিএস কম্পিউটার শো’ নামে কম্পিউটার মেলার আয়োজন করত। সময়ের সঙ্গে এসব মেলায় দর্শনার্থী ও অংশগ্রহণের পরিসরও বাড়তে থাকে।
১৯৯৮ সালে আগারগাঁওয়ের আইডিবি ভবনের পাশে একটি প্রশস্ত ভবনে বিসিএস কম্পিউটার শোর আয়োজন করা হয়। ওই মেলায় ব্যাপক সাড়া পাওয়ার পর সেখানে স্থায়ী একটি বিশেষায়িত কম্পিউটার বাজার গড়ে তোলার পরিকল্পনা করা হয়।
এর ধারাবাহিকতায় ১৯৯৯ সালের ১১ সেপ্টেম্বর বিসিএস কম্পিউটার শোর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে বিসিএস কম্পিউটার সিটি। আইডিবির কাছ থেকে ভাড়া নেওয়া ভবনে শুরু হওয়া বাজারটির আয়তন ছিল প্রায় ১ লাখ ২৫ হাজার বর্গফুট। শুরুতে সেখানে প্রযুক্তিপণ্য বিক্রির জন্য ১১০টি দোকান ছিল। বর্তমানে দোকানের সংখ্যা বেড়ে ১৫৪টিতে দাঁড়িয়েছে।
বিসিএস কম্পিউটার সিটি প্রতিষ্ঠার অন্যতম উদ্দেশ্য ছিল কম্পিউটার ও তথ্যপ্রযুক্তিপণ্যকে একটি নির্দিষ্ট ও বিশেষায়িত বাজারের আওতায় আনা। এতে ক্রেতারা একই জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানের কম্পিউটার, হার্ডওয়্যার, সফটওয়্যার, আনুষঙ্গিক পণ্য ও সংশ্লিষ্ট সেবা সম্পর্কে জানতে এবং কেনাকাটা করতে পারেন।
কম্পিউটারের ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে যন্ত্রাংশ ও আনুষঙ্গিক প্রযুক্তিপণ্যের চাহিদাও বাড়তে থাকে। সেই চাহিদা পূরণে বাজারটি গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র হিসেবে গড়ে ওঠে।
প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে দেশের প্রযুক্তিপণ্যের বাজারেও পরিবর্তন এসেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), গেমিং, ক্লাউড প্রযুক্তি, উচ্চ ক্ষমতার কম্পিউটিং ও স্মার্ট ডিভাইসের ব্যবহার বাড়ায় নতুন ধরনের প্রযুক্তিপণ্যের চাহিদা তৈরি হয়েছে।
বাংলাদেশ কম্পিউটার সমিতির সহসভাপতি ও হাই-টেক প্রফেশনালসের স্বত্বাধিকারী মো. মজিবুর রহমান বলেন, আগে ক্রেতারা পণ্যের মানকে বেশি গুরুত্ব দিলেও বর্তমানে দামকে বেশি গুরুত্ব দেন। তাঁর মতে, কম্পিউটার প্রযুক্তিপণ্যের পাশাপাশি এআইনির্ভর প্রযুক্তিও বাজারটিতে সহজলভ্য করা প্রয়োজন।
বিসিএস কম্পিউটার সিটি ম্যানেজমেন্ট কমিটির সাধারণ সম্পাদক জাহেদ আলী ভূঁইয়া জানান, ক্রেতাদের এক জায়গায় সব ধরনের প্রযুক্তিপণ্য দেওয়ার জন্য এআইনির্ভর প্রযুক্তি বাজারে আনার চেষ্টা চলছে। পাশাপাশি সব দোকানকে ই-কমার্সের আওতায় আনার উদ্যোগও নেওয়া হচ্ছে, যাতে ক্রেতারা অনলাইনে পণ্য কিনতে পারেন।
সিটি আইটি অ্যানিভার্সারি ফেস্টের আহ্বায়ক মশিউর রহমান বলেন, সময়ের সঙ্গে ব্যবসা-বাণিজ্যের ধরন ও প্রযুক্তির ব্যবহার বদলালেও ক্রেতাদের আস্থা অর্জন এবং সর্বোচ্চ মানের সেবা দেওয়ার মূল লক্ষ্য অপরিবর্তিত রয়েছে।
