ঢাকায় খাদ্যপণ্য, খাদ্য প্রক্রিয়াজাতকরণের যন্ত্রপাতি ও প্রযুক্তি নিয়ে আয়োজিত প্রদর্শনীর আজ শেষ দিন। তিন দিনের এই প্রদর্শনী গত বৃহস্পতিবার শুরু হয়েছে।
পূর্বাচলের ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হচ্ছে বাপা ফুডপ্রো ইন্টারন্যাশনাল এক্সপো। বাংলাদেশ অ্যাগ্রো-প্রসেসরস অ্যাসোসিয়েশন (বাপা) ও রেইনবো এক্সিবিশন অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সার্ভিসেস লিমিটেড (রিমস) যৌথভাবে এ আয়োজন করেছে। এবারেরটি প্রদর্শনীর ১১তম আসর।
প্রদর্শনীতে বাংলাদেশসহ ২৭টি দেশের ২০০টি ব্র্যান্ড অংশ নিয়েছে। এসব ব্র্যান্ড খাদ্য প্রক্রিয়াজাতকরণের চার হাজারের বেশি আধুনিক প্রযুক্তি ও যন্ত্রপাতিভিত্তিক সমাধান প্রদর্শন করছে।
বাংলাদেশ ছাড়াও আলজেরিয়া, অস্ট্রেলিয়া, চীন, ফ্রান্স, জার্মানি, ভারত, জাপান, মালয়েশিয়া, নেদারল্যান্ডস, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা মেলায় নিজেদের পণ্য ও প্রযুক্তি তুলে ধরছেন।
মেলায় কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর অটোমেশন, রোবোটিকস, স্মার্ট ফ্যাক্টরি, কোডিং ও মার্কিং, কোল্ড চেইন, লজিস্টিকস এবং টেকসই প্যাকেজিং প্রযুক্তি বিশেষ গুরুত্ব পাচ্ছে। প্রদর্শনীর পাশাপাশি কারিগরি অধিবেশন ও সেমিনারের আয়োজন করা হয়েছে, যেখানে শিল্পোদ্যোক্তা ও প্রযুক্তি বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন।
গত বৃহস্পতিবার প্রদর্শনীর উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। উদ্বোধনী অনুষ্ঠানে বাপার সভাপতি মাহবুব আনাম, এক্সপো আয়োজক কমিটির চেয়ারম্যান ও প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী, বাপার সাধারণ সম্পাদক ছৈয়দ মুহাম্মদ শোয়াইব হাছান এবং কোষাধ্যক্ষ মিনহাজ আহমেদসহ অন্যরা উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানিয়েছেন, প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত দর্শনার্থী ও ব্যবসায়ীদের জন্য প্রদর্শনী উন্মুক্ত থাকছে।
বাপার সাধারণ সম্পাদক ছৈয়দ মুহাম্মদ শোয়াইব হাছান বলেন, খাদ্যপণ্য উৎপাদনের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানের প্রতিনিধিদের পাশাপাশি সাধারণ মানুষ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও প্রদর্শনীতে আসছেন। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, প্রথম দুই দিনে দর্শনার্থীর সংখ্যা ৩ হাজারের বেশি ছিল।
