চাকরির মৌখিক পরীক্ষায় বিশেষ নম্বর দিয়ে কাউকে পাস করানোর কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, প্রচলিত নিয়ম অনুসরণ করে মেধার ভিত্তিতেই প্রার্থীদের মূল্যায়ন করা হবে।
শনিবার দুপুরে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ফল সেমিস্টারের ফ্রেশার্স ওরিয়েন্টেশন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।চাকরির পাশাপাশি নৈতিকতার ওপর গুরুত্ব
শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, শুধু চাকরি পাওয়া কিংবা পুঁথিগত জ্ঞান অর্জনই সবকিছু নয়। দেশের জন্য অবদান রাখতে কাজ করার পাশাপাশি শিক্ষার সঙ্গে নৈতিকতাও অর্জন করতে হবে।
মন্ত্রী বলেন, একটি শ্রেণি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বিষয় অপব্যাখ্যা করে প্রচার করছে। এতে জনগণ ও সরকার উভয়ই ক্ষতিগ্রস্ত হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার যাতে না হয়, সেদিকেও নজর রাখা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
এ সময় পদ্মা ব্যারাজ ও তিস্তা মহাপরিকল্পনা সরকারের হাতে নেওয়ার কথাও উল্লেখ করেন পানিসম্পদমন্ত্রী। তিনি বলেন, প্রকল্পগুলো দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
