রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। এ কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
মঙ্গলবার সকালে রাজধানীর সিরডাপ ভবনে আয়োজিত জলবায়ুবিষয়ক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রায় এক দশক ধরে বাংলাদেশ ১৩ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে আসছে। এতে জলবায়ু ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলোর ওপর অতিরিক্ত পরিবেশগত চাপ তৈরি হয়েছে।
তিনি জানান, আসন্ন কপ সম্মেলনে রোহিঙ্গা প্রত্যাবাসনসহ পরিবেশগত বিপর্যয় মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতা চাইবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শামা ওবায়েদ বলেন, জলবায়ু অর্থায়ন ঋণ হিসেবে নয়, কার্যকর সহায়তা হিসেবে চায় বাংলাদেশ।
সেমিনারে পররাষ্ট্র প্রতিমন্ত্রী পাটজাত পণ্যকে পরিবেশবান্ধব ও জীবাণুবিয়োজ্য প্রাকৃতিক তন্তু হিসেবে বিশ্বে তুলে ধরার বিষয়েও গুরুত্বারোপ করেন।
জলবায়ু সংকট মোকাবেলায় পাট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে উল্লেখ করে তিনি বলেন, সরকারের রাজনৈতিক অঙ্গীকার অনুযায়ী জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কার্যকর পদক্ষেপ অব্যাহত থাকবে।
