বাংলাদেশ বিমান বাহিনী পরিচালিত বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য বিশেষায়িত স্কুল ‘ব্লু স্কাই’ পরিদর্শন করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ঢাকা সেনানিবাসে অবস্থিত স্কুলটিতে তিনি পরিদর্শনে যান।
স্কুলে পৌঁছালে বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া) ও আদার্স উইমেন অ্যান্ড চিলড্রেন ক্লাবের (ওডব্লিউসিসি) সভাপতি সালেহা খান জুবাইদা রহমানকে স্বাগত জানান। এ সময় স্কুলের শিক্ষার্থীরাও তাকে বরণ করে নেয়।
পরিদর্শনের সময় জুবাইদা রহমান স্কুলের বিভিন্ন শ্রেণির কার্যক্রম দেখেন। পাশাপাশি বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য পরিচালিত বিভিন্ন থেরাপি কার্যক্রম সম্পর্কে অবহিত হন।
তিনি হাইড্রোথেরাপি, ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি, সাইকোলজি ও মিউজিক থেরাপির কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।
স্কুলে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সহায়তায় ২৮ জন বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক ও থেরাপিস্ট কাজ করছেন। পরিদর্শনের সময় স্কুলের শিক্ষা ও কারিগরি কার্যক্রম, থেরাপি সুবিধা এবং জরুরি চিকিৎসাব্যবস্থা সম্পর্কেও জুবাইদা রহমানকে জানানো হয়।
সোর্স অনুযায়ী, বাফওয়ার উদ্যোগে ২০২১ সালে ‘ব্লু স্কাই’ স্কুল প্রতিষ্ঠিত হয়। বর্তমানে সর্বোচ্চ পাঁচজন শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক এবং একজন সিস্টার বা ব্রাদারের মাধ্যমে শ্রেণি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
প্রতিষ্ঠার পর বেশ কয়েকজন বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী মূলধারার শিক্ষা কার্যক্রমে যুক্ত হয়েছে। পাশাপাশি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে কারিগরি শিক্ষা কার্যক্রমের আওতায় কয়েকজনকে সহকারী থেরাপিস্ট হিসেবেও নিয়োগ দেওয়া হয়েছে।
পরে জুবাইদা রহমান বাফওয়ার বিভিন্ন কার্যক্রমের অংশ হিসেবে ‘বাফওয়া কর্নার’ পরিদর্শন করেন। সেখানে তিনি বাফওয়া ক্রাফটস অ্যান্ড বুটিক, বাফওয়া দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ প্রকল্প এবং বাফওয়া ইন্ডাস্ট্রিয়াল হোমের প্রশিক্ষণ কার্যক্রম সম্পর্কে অবহিত হন।
এ সময় তিনি প্রশিক্ষণার্থীদের তৈরি বিভিন্ন হস্তশিল্প সামগ্রীও দেখেন।
পরিদর্শন শেষে ‘ব্লু স্কাই’ স্কুলের বিশেষ চাহিদাসম্পন্ন শিশু এবং বাফওয়া গোল্ডেন ঈগল নার্সারির শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন জুবাইদা রহমান।
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য স্কুলটিতে দেওয়া বিভিন্ন সুযোগ-সুবিধার প্রশংসা করেন তিনি। পাশাপাশি নারীদের দক্ষতা উন্নয়ন ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে বাফওয়ার বিভিন্ন উদ্যোগেরও প্রশংসা করেন।
অনুষ্ঠানে সহকারী বিমানবাহিনী প্রধান (প্রশাসন), বাফওয়া কেন্দ্রীয় কমিটির সহ-সভানেত্রী ও সদস্যরা এবং বাংলাদেশ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
