সরকার দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার জোরে জনগণের আকাঙ্ক্ষাকে উপেক্ষা করছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, বাংলাদেশে জনগণেরও ক্ষমতা দেখানোর ইতিহাস রয়েছে, সেটি সরকারকে মনে রাখতে হবে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।গণভোটের রায় নিয়ে অভিযোগ
গোলাম পরওয়ারের দাবি, ৭০ শতাংশ মানুষের গণভোটের রায় সরকার প্রত্যাখ্যান করতে পারে—দেশের ইতিহাসে এমন নজির নেই। সংখ্যাগরিষ্ঠতার জোরে জনগণের ইচ্ছার বিরুদ্ধে না যাওয়ার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান।
তিনি অভিযোগ করেন, সংখ্যাগরিষ্ঠতার জোরে সরকার পবিত্র কোরআন-সুন্নাহর আইন পরিবর্তন করে হেবা আইনে হস্তক্ষেপ করেছে।
স্থানীয় সরকার নির্বাচনের আইন পরিবর্তন করে এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে অযোগ্য করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন জামায়াতের এই নেতা।
গোলাম পরওয়ার বলেন, সংখ্যাগরিষ্ঠতার ক্ষমতা দেখাতে গিয়ে অনেকে কর্তৃত্ববাদী ও ফ্যাসিবাদী চরিত্র অর্জন করেছেন। সরকারকে অতীত থেকে শিক্ষা নিয়ে এ পথ থেকে ফিরে আসার আহ্বান জানান তিনি।সংবিধান সংস্কারের দাবি
সংবিধান সংস্কারের বিষয়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন গোলাম পরওয়ার। তাঁর ভাষ্য, নির্বাচনের মাত্র ছয় মাস পার হয়েছে। জাতির সঙ্গে দেওয়া ওয়াদা অনুযায়ী কাজ না করে বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে দেশে বড় ধরনের সংকট তৈরি হতে পারে।
তিনি রাষ্ট্রপতির প্রতি ক্ষমতাসীন দলকে সংবিধান সংস্কারের পথে আসার বিষয়ে হস্তক্ষেপ করার আহ্বান জানান। একই সঙ্গে প্রধানমন্ত্রীর কাছে সংবিধান সংস্কারের দাবি মেনে নেওয়ার অনুরোধ করেন।
সংবিধান সংস্কারের দাবিতে আগামী ২০ সেপ্টেম্বর দুপুরে জাতীয় প্রেসক্লাবে ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হবে বলেও জানান তিনি।
ব্রিফিংয়ে রংপুরমুখী লংমার্চের কর্মসূচিও তুলে ধরেন গোলাম পরওয়ার। তিনি জানান, ১৯ সেপ্টেম্বর সকাল ৭টায় ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউ থেকে রংপুরের উদ্দেশে লংমার্চ শুরু হবে।
কর্মসূচি অনুযায়ী, সকাল ৯টায় গাজীপুরের ভোগরা বাইপাস রোড, সাড়ে ১০টায় টাঙ্গাইলের নগর জালফৈ বাইপাস রোড, দুপুর ১২টায় সিরাজগঞ্জের হাটিকুমরুল মোড়, বিকেল ৪টায় বগুড়ার মাটিডালি বিমান মোড় এবং বিকেল সাড়ে ৫টায় গাইবান্ধার পলাশবাড়ী চৌমাথায় পথসভা অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ৭টায় রংপুর জিলা স্কুল মাঠে সমাপনী সমাবেশ হওয়ার কথা রয়েছে।
গোলাম পরওয়ার জানান, ১১ দলীয় ঐক্যের আগের সাত দফা দাবির সঙ্গে নতুন করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিও যুক্ত করা হয়েছে।
বৈঠক ও ব্রিফিংয়ে ১১ দলীয় ঐক্যের বিভিন্ন দলের নেতারা উপস্থিত ছিলেন।
