কুমিল্লায় ১৩ বছরের ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যার বিচার দ্রুত করতে আদালতকে সব ধরনের সহযোগিতা করার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার সচিবালয়ে সমসাময়িক বিষয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রামিসা হত্যার বিচারের মতো অপ্রতিম হত্যার বিচারও দ্রুত করা সম্ভব হবে। বিচার করবে আদালত, আর সরকার প্রয়োজনীয় সব সহযোগিতা করবে বলে জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অপ্রতিমের যে মোবাইল ফোনটি উদ্ধার করা হয়েছে, সেটি সন্দেহভাজন তুহিনের কাছ থেকে পাওয়া গেছে।
১৩ বছর বয়সী অপ্রতিম মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়েছিল। এরপর সে আর বাড়ি ফেরেনি। নিখোঁজ হওয়ার এক দিন পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণে লালমাই পাহাড়ের গভীর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় তুহিন, আনাস ও ফাহিম নামে তিন তরুণকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রোববার সকাল সোয়া ১১টার দিকে কুমিল্লার কোটবাড়ির গন্ধমতিতে অপ্রতিমের দাফন সম্পন্ন হয়। এর আগে সকাল ১০টা ১০ মিনিটে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় বাসিন্দারা অংশ নেন।
জানাজায় অংশ নেওয়া ব্যক্তিরা অপ্রতিমের আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে তাঁরা ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।
