গাইবান্ধার পলাশবাড়ীতে ১১ দলীয় ঐক্য জোটের লং মার্চের পথসভায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এই লং মার্চ কোনো দলের নয়, দেশের ১৮ কোটি মানুষের দাবি আদায়ের কর্মসূচি।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে ঢাকা-রংপুর মহাসড়কের পলাশবাড়ী চৌমাথায় আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ১১ দলীয় ঐক্য জোটের আট দফা দাবিতে ঢাকা থেকে রংপুর অভিমুখী লং মার্চের অংশ হিসেবে এ পথসভা অনুষ্ঠিত হয়।
শফিকুর রহমান বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন করা হলে এই লং মার্চের প্রয়োজন হতো না। একইভাবে জুলাই সনদ বাস্তবায়ন, চাঁদাবাজি বন্ধ, দুর্নীতি দূর, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং কৃষকদের ন্যায্য মূল্যে পর্যাপ্ত সার দেওয়ার মতো বিষয়গুলো নিশ্চিত করা হলেও লং মার্চের প্রয়োজন পড়ত না বলে তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, সরকার এসব দাবি মেনে নিলে লং মার্চের প্রয়োজন হবে না। তাঁর ভাষ্য অনুযায়ী, দাবিগুলো জামায়াতে ইসলামীর একক দাবি নয়; এগুলো দেশের ১৮ কোটি মানুষের দাবি।
জামায়াত আমির বলেন, সরকার দাবি না মানলে আট দফা থেকে ভবিষ্যতে আরও দাবি যুক্ত হতে পারে এবং শেষ পর্যন্ত তা এক দফায় পরিণত হতে পারে। তবে এখনই তাঁরা এক দফার কর্মসূচি চাইছেন না বলে উল্লেখ করেন। এ বিষয়ে সরকারকে সময় দেওয়ার কথাও বলেন তিনি।
প্রয়োজনে এক দফা দাবি আদায়ে বৃহত্তর লং মার্চের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান শফিকুর রহমান। তিনি বলেন, বর্তমান লং মার্চ ঢাকা থেকে গ্রামের দিকে হলেও ভবিষ্যতে প্রয়োজন হলে গ্রাম থেকে ঢাকামুখী বৃহত্তর লং মার্চের ডাক দেওয়া হতে পারে।
পথসভায় আরও বক্তব্য দেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, এনসিপির মুখ্য সংগঠক নাসিরুদ্দিন পাটোয়ারী, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক ভিপি সাদিক কায়েম ও জিএস ফরহাদ হোসেনসহ অন্যরা।
