সাতক্ষীরা–৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় কোনো প্রতিক্রিয়া বা বক্তব্য নেই বলে জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, গাজী নজরুল বর্তমানে জামায়াতের সদস্য নন এবং ঘটনাটি তদন্তের দায়িত্ব সরকারের।
রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান জানান, ভবনটির তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাটে মরদেহটি ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। ঘটনাস্থলে সিআইডির ফরেনসিক দলকেও ডাকা হয়েছে।জামায়াতের বক্তব্য
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ড. এএইচএম হামিদুর রহমান আযাদ গণমাধ্যমকে বলেন, এটি সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় হওয়ায় এ নিয়ে দলটির কোনো বক্তব্য নেই।
তিনি আরও বলেন, গাজী নজরুল ইসলাম বর্তমানে জামায়াতের কেউ নন। ব্যক্তিগত অপরাধ বা মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনা তদন্তের সম্পূর্ণ দায়িত্ব সরকারের।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক তরুণীর সঙ্গে গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। পরে তিনি ওই তরুণীকে নিজের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুন বলে স্বীকার করেন।
এর পরিপ্রেক্ষিতে গত ২২ জুলাই জামায়াতে ইসলামী গাজী নজরুল ইসলামকে স্থায়ীভাবে দল থেকে বহিষ্কার করে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে স্পিকার, নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট দপ্তরেও চিঠি দেয় দলটি।
