জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২১ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২০ মিনিটে তুর্কি এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীরা। প্রধানমন্ত্রীর প্রেস উইং তাঁর নিউইয়র্ক পৌঁছানোর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে। আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে তাঁর ভাষণ দেওয়ার কথা রয়েছে।বিমানবন্দরে স্বাগত জানাতে আয়োজন
প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ দেখা গেছে। তাঁকে স্বাগত জানাতে জেএফকে বিমানবন্দরের টার্মিনাল-৮ এলাকায় আনন্দ ও স্বাগত মিছিলের আয়োজন করা হয়।
যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গসংগঠনগুলোর যৌথ উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন। তাঁদের হাতে পোস্টার, ব্যানার, ফেস্টুন, বাংলাদেশের জাতীয় পতাকা ও বিএনপির দলীয় পতাকা ছিল। বিভিন্ন স্লোগানে বিমানবন্দর এলাকা মুখরিত হয়ে ওঠে।
এর আগে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে যুক্তরাষ্ট্র বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন। তাঁদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভুঁইয়া মিল্টন, গিয়াস আহমেদ, আব্দুল লতিফ সম্রাট, জিল্লুর রহমান জিল্লুসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, ২১ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত তিনি নিউইয়র্কে অবস্থান করবেন। সফরের অন্যতম প্রধান কর্মসূচি ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে তাঁর ভাষণ।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী বাংলাদেশের ভবিষ্যৎ রূপকল্প, দেশের স্বার্থ সুরক্ষা এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিয়ে বাংলাদেশের অবস্থান বিশ্বমঞ্চে তুলে ধরবেন।
মাহদী আমিন জানান, যাতায়াতের দুই দিন বাদ দিলে নিউইয়র্কে প্রধানমন্ত্রীর হাতে থাকবে চার কর্মদিবস। এই সময়ের মধ্যে তিনি বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বৈঠকে অংশ নেবেন।সংক্ষিপ্ত সফরে ৩৫ সদস্যের আনুষ্ঠানিক বহর
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্রের তথ্য অনুযায়ী, এবারের সফরে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন ৩৫ জন। এর বাইরে প্রয়োজনীয় মিডিয়া, নিরাপত্তা ও ব্যক্তিগত স্টাফ রয়েছেন। সফরে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও রয়েছেন।
মঙ্গলবার থেকে প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হয়। সকালে জাতিসংঘ সদর দপ্তরে উদ্বোধনী অধিবেশনে রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। এর আগে জাতিসংঘ মহাসচিবের আমন্ত্রণে ‘ওয়েলকাম ব্রেকফাস্ট রিসেপশনে’ যোগ দেওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলাদা কোনো বৈঠকের সুযোগ রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, সফরের মূল উদ্দেশ্য জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নেওয়া। ফলে আলাদাভাবে এ ধরনের দ্বিপক্ষীয় আলোচনার তেমন সুযোগ থাকবে না বলে তিনি জানান।
