সংসদে সংখ্যাগরিষ্ঠতার জোরে বিরোধী দলের জনবান্ধব নোটিশকে সরকার গুরুত্ব দিচ্ছে না বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তাঁর দাবি, সংসদে বিরোধী দলের নোটিশ ও বক্তব্যের গুরুত্ব দেওয়া হয় না বলেই বিরোধী দল রাজপথে নামতে বাধ্য হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে জামায়াত বিটের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান দাবি করেন, জুলাই সনদ ও গণভোট বাস্তবায়নের মাধ্যমে সরকারের জনগণের কাছে গ্রহণযোগ্য হওয়ার সুযোগ ছিল। তবে সরকার সেই পথে না যাওয়ায় জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে তিনি মন্তব্য করেন।
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি প্রসঙ্গেও কথা বলেন জামায়াত আমির। তিনি বলেন, তেলের দাম বাড়িয়ে সরকার আশপাশের দেশগুলোর তেলের দামের সঙ্গে বাংলাদেশের দামের তুলনা করছে। তবে তাঁর বক্তব্য, বাংলাদেশের অর্থনীতি আশপাশের দেশগুলোর মতো বড় নয়।
