রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয় থেকে আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পুলিশ জানিয়েছে, সেখানে গোপন বৈঠক অনুষ্ঠিত হওয়ার সন্দেহে অভিযান চালিয়ে তাদের হেফাজতে নেওয়া হয়।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে এ অভিযান চালানো হয়।
পল্টন মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর ইসলাম বলেন, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কয়েকজনকে থানায় আনা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মো. আকতার হোসেন জানান, জাসদের প্রধান কার্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া এবং সেখানে বহিরাগতদের অবস্থান ও বৈঠক চলার সন্দেহে ক্রাইম ও গোয়েন্দা পুলিশের যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে।
তিনি জানান, অভিযানে ইতোমধ্যে অর্ধশতাধিক ব্যক্তিকে হেফাজতে নিয়ে পল্টন থানায় নেওয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। তথ্য বিশ্লেষণ ও জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযানটি তখনও চলমান ছিল।
