রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। তবে পুলিশ জানিয়েছে, ঘটনাটি চাঁদাবাজির কারণে নয়; পাশের জমির মালিকের সঙ্গে জমি নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে।
গতকাল শনিবার রাতে এ ঘটনা ঘটে। রাতেই সালমান মুক্তাদির তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে স্টুডিওতে ভাঙচুরের একটি ভিডিও প্রকাশ করেন।
ভিডিওতে স্টুডিওর বিভিন্ন অংশে ভাঙচুরের চিত্র দেখা যায়। চেয়ার, টেবিল, টেলিভিশনসহ বিভিন্ন আসবাব ও সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। স্টুডিওর কয়েকজন কর্মীকেও কাঁদতে দেখা যায়।
ভিডিওতে সালমান মুক্তাদির বলেন, হামলায় তাঁদের স্টুডিও ধ্বংস হয়ে গেছে। তিনি এ ঘটনাকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের উদ্দেশে তৈরি করা একটি ভিডিও হিসেবেও উল্লেখ করেন।
সালমান মুক্তাদির ভিডিওতে ধারণা প্রকাশ করেন, হামলাকারীরা হয়তো জানতেন না যে জায়গাটি তাঁর। তাঁর ভাষ্য অনুযায়ী, ওই এলাকার জমির মালিকের সঙ্গে চাঁদাবাজি নিয়ে কোনো একটি ঘটনা ঘটেছিল। সেই ঘটনার প্রতিশোধ নিতে গিয়ে জমির মালিকের সম্পত্তি ক্ষতিগ্রস্ত করার সময় তাঁর স্টুডিওও ক্ষতির মধ্যে পড়ে থাকতে পারে বলে তিনি জানান।
ভাঙচুরের পরও কাজ চালিয়ে যাওয়ার কথা জানিয়ে সালমান মুক্তাদির বলেন, তিনি এর চেয়ে বড় কিছু করবেন।
ডিএমপির ক্যান্টনমেন্ট অঞ্চলের সহকারী কমিশনার নাজমুল আলম বলেন, এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। এখনো কোনো মামলা হয়নি।
পুলিশের এই কর্মকর্তা জানান, নিউ গিনি প্রপার্টিজ লিমিটেডের সঙ্গে পাশের জমির মালিকের জমি নিয়ে বিরোধের জেরেই ঘটনাটি ঘটেছে। তাঁর ভাষ্য অনুযায়ী, এখানে চাঁদাবাজির কোনো ঘটনা ঘটেনি এবং সালমান মুক্তাদিরের স্টুডিও হামলার লক্ষ্য ছিল না।
