কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, জুলাই গণ–অভ্যুত্থানের পরিচিত মুখ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনাকে কোনোভাবেই হালকাভাবে দেখার সুযোগ নেই।
রোববার এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ওহাব মিনার এবং সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ এক যৌথ বিবৃতিতে এসব কথা বলেন।
সালমান মুক্তাদির অভিযোগ করেছেন, চাঁদা না দেওয়ায় শনিবার রাতে রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজে তাঁর স্টুডিওতে হামলা ও ভাঙচুর করা হয়েছে। ঘটনার পর তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভাঙচুরের ভিডিও প্রকাশ করেন।
এবি পার্টির যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ঘটনাটি নিছক কোনো বিচ্ছিন্ন অপরাধ নয়; এটি রাষ্ট্রের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করে।
দলটির দুই নেতা বলেন, চাঁদার দাবিতে যদি সশস্ত্র দুর্বৃত্তরা প্রকাশ্যে এমন হামলা চালাতে পারে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। রাজধানীতেই এমন ঘটনা ঘটলে আইনশৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা ও জবাবদিহি নিয়েও প্রশ্ন তৈরি হওয়া স্বাভাবিক বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, জুলাইয়ের গণ–আকাঙ্ক্ষার মধ্যে ভয়, দখল, চাঁদাবাজি ও রাজনৈতিক সন্ত্রাসের অবসানের প্রত্যাশা ছিল। সেই আন্দোলনের পরও একই ধরনের দখলদারি ও সন্ত্রাস নতুন পরিচয়ে ফিরে এলে তা জনগণের সঙ্গে প্রতারণার শামিল বলে মন্তব্য করেছে দলটি।
ঘটনার অভিযোগ আমলে নিয়ে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের আহ্বান জানিয়েছেন এবি পার্টির ওহাব মিনার ও আসাদুজ্জামান ফুয়াদ।
তাঁরা বলেন, রাজনৈতিক পরিচয়ের কারণে কোনো অপরাধীকে পরিত্রাণের সুযোগ দেওয়া উচিত নয়।
