রাজধানীর মিরপুর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযান নিয়ে নির্বাচনী এলাকার সংশ্লিষ্টদের অবহিত না করায় বিস্ময় প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
একই সঙ্গে ক্ষুদ্র ব্যবসায়ীদের অযথা ক্ষতিগ্রস্ত না করে সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন রাখার জন্য সমন্বিত ও বাস্তবভিত্তিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। বুধবার বিকেলে এক ফেসবুক পোস্টে এসব কথা বলেন তিনি। পরিস্থিতি শান্ত রাখতে সবাইকে আপাতত ধৈর্য ধরারও আহ্বান জানান জামায়াত আমির।
ফেসবুক পোস্টে শফিকুর রহমান জানান, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর-১৩ থেকে মিরপুর-১০ এলাকার হোপ মার্কেট এলাকায় ফুটপাতে উচ্ছেদ অভিযান চলাকালে সংঘর্ষের ঘটনা ঘটে।
তার ভাষ্য অনুযায়ী, এতে সিটি করপোরেশনের কিছু সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয় এবং উচ্ছেদ অভিযানে অংশ নেওয়া কর্মকর্তা-কর্মচারীরাও আক্রান্ত হন। পুলিশের সদস্যদের সঙ্গে সাধারণ ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনাও ঘটে। এ ছাড়া সংবাদ সংগ্রহ করতে গেলে গণমাধ্যমকর্মীদের বাধা দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
শফিকুর রহমান বলেন, মিরপুরের সংশ্লিষ্ট সংসদ সদস্যের সঙ্গে আগে আলোচনা করা হলে উচ্ছেদ অভিযানটি আরও সমন্বিতভাবে বাস্তবায়ন করা সম্ভব হতো।
তিনি বলেন, সংঘাতের পরিবর্তে এমন ব্যবস্থা নেওয়া প্রয়োজন, যাতে ক্ষুদ্র ব্যবসায়ীরা অযথা ক্ষতিগ্রস্ত না হন এবং সাধারণ মানুষের চলাচলের পথও নির্বিঘ্ন থাকে। এ জন্য সমন্বিত, বাস্তবভিত্তিক ও টেকসই উদ্যোগ প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।
ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগও তোলেন জামায়াত আমির। তিনি দাবি করেন, একদল অসাধু ব্যক্তি দীর্ঘদিন ধরে এসব ব্যবসায়ীর কাছ থেকে নিয়মিত চাঁদা নিয়ে সেখানে ব্যবসা করার সুযোগ করে দিয়েছে। দৈনিক, সাপ্তাহিক, মাসিক ও বার্ষিক ভিত্তিতে চাঁদা আদায় করা হয় বলেও তিনি উল্লেখ করেন।
তার মতে, এ ধরনের কর্মকাণ্ড নিন্দনীয় এবং এর আর্থিক বোঝা শেষ পর্যন্ত সাধারণ ক্রেতা ও জনগণের ওপর পড়ে।
উচ্ছেদ অভিযানের আগে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন শফিকুর রহমান। সংশ্লিষ্ট ব্যবসায়ীদের জন্য কোনো বিকল্প ব্যবস্থা করা হয়েছে কি না, সেটি বিবেচনায় নেওয়া প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।
ভবিষ্যতে এ ধরনের পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট সব পক্ষকে সম্পৃক্ত করার আহ্বান জানান তিনি। পাশাপাশি সবাইকে আপাতত শান্ত থাকার আহ্বান জানিয়ে শফিকুর রহমান বলেন, সমস্যার সমাধান করতে হলে তা হতে হবে নিরপেক্ষ, বাস্তবভিত্তিক ও মানবিক এবং কাউকে অযথা ক্ষতিগ্রস্ত করে নয়।
