দেশে আইন সবার জন্য সমানভাবে প্রয়োগ নিশ্চিত করতে বিএনপি সর্বশক্তি দিয়ে কাজ করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে ফেনীর পরশুরামের ঘাটঘর এলাকায় মুহুরী-কহুয়া সেচ ও বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, কিছু রাজনৈতিক দল অনাকাঙ্ক্ষিত ঘটনাকে অন্যায়ভাবে কাজে লাগিয়ে দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। এ পরিস্থিতিতে আইন সবার জন্য সমানভাবে প্রয়োগ নিশ্চিত করার কথা জানান তিনি।
তিনি আরও বলেন, ‘গুপ্ত দলটি সবসময় জনগণের স্বার্থবিরোধী কাজ করছে।’
বিএনপি মানুষের জন্য ও দেশের কল্যাণে রাজনীতি করে উল্লেখ করে প্রধানমন্ত্রী দলের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি খাল খনন, নদী ড্রেজিং, কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডের মতো উদ্যোগের কথা উল্লেখ করেন।
মুহুরী-কহুয়া প্রকল্পের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, খাল ও নদী খননের উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে এ অঞ্চলের সাড়ে ৪ লাখ মানুষ উপকৃত হবে।
প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রায় ৩৪ হাজার হেক্টর জমিতে চাষাবাদ করা সম্ভব হবে বলে জানান তিনি। একই সঙ্গে ফসল উৎপাদন প্রায় ১ লাখ মেট্রিক টন বাড়বে বলেও উল্লেখ করেন।
