জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, অনেক কঠিন পরিস্থিতি ও বিপ্লবের মধ্য দিয়ে দেশ একটি গণতান্ত্রিক পরিস্থিতিতে পৌঁছালেও চাঁদাবাজি, দুর্নীতি ও সন্ত্রাসী কর্মকাণ্ড কমেনি; বরং এগুলো বেড়েই চলেছে।
শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাটের একটি কমিউনিটি সেন্টারে এনসিপি চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখা আয়োজিত মতবিনিময় সভা ও যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, তাঁরা চেয়েছিলেন বাংলাদেশের পূর্ণাঙ্গ সংস্কার হোক। কিন্তু নির্বাচন হলে চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ হবে—এমন প্রত্যাশা করা হলেও বাস্তবে নির্বাচন হওয়ার পরও এসব কর্মকাণ্ড বন্ধ হয়নি বলে তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, ‘আমরা চেয়েছিলাম বাংলাদেশের পূর্ণাঙ্গ সংস্কার হোক। কিন্তু আপনারা বলেছিলেন, “আগে নির্বাচন দেন, তাহলেই বাংলাদেশের সংস্কার হয়ে যাবে, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ হয়ে যাবে।” কিন্তু নির্বাচন হলেও বাস্তবে চাঁদাবাজি, দুর্নীতি এবং সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়েই চলেছে।’
আগামী স্থানীয় নির্বাচন প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী সতর্ক করে বলেন, নির্বাচনে চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতির অর্থ এবং ‘মাসল পাওয়ার’ বা অর্থের প্রভাব ব্যবহারের চেষ্টা করা হলে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের শক্তিগুলো আবারও ঐক্যবদ্ধ হবে।
তিনি বলেন, এ ধরনের পরিস্থিতি তৈরি হলে ওই শক্তিগুলো ‘টুঁটি চেপে ধরতে বাধ্য হবে’।
এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দপ্তরকে ‘ফ্যাসিবাদের পাহারাদার’ বলেও মন্তব্য করেন এনসিপির এই নেতা।
