নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি সেলিনা হায়াৎ আইভী কারাগার থেকে মুক্তি পেয়েছেন। তার বিরুদ্ধে দায়ের করা সব মামলায় জামিন লাভের পর বুধবার রাতে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় নারী কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়।
কারা কর্তৃপক্ষ জানায়, আইভীর বিরুদ্ধে থাকা ১২টি মামলার জামিনসংক্রান্ত নথি এবং সর্বশেষ জামিননামা যাচাই-বাছাই শেষে মুক্তির আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এরপর রাত ১০টা ১০ মিনিটে তিনি কারাগার ত্যাগ করেন।
সেলিনা হায়াৎ আইভীর মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মুহাম্মদ মোতাহার হোসেন। এছাড়া ঢাকা বিভাগের ডিআইজি (প্রিজন) টিপু সুলতানও তার মুক্তির তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে তিনি কারাগারে ছিলেন। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর একে একে সব মামলায় জামিন লাভ করেন। সর্বশেষ মামলায় জামিনের কাগজপত্র কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছানোর পর তার মুক্তির পথ সুগম হয়।
আইভীর মুক্তির খবরে তার সমর্থক ও শুভানুধ্যায়ীদের মধ্যে স্বস্তি ও উচ্ছ্বাস দেখা যায়। তবে মুক্তির পর তিনি তাৎক্ষণিকভাবে গণমাধ্যমের সঙ্গে কোনো বক্তব্য দেননি।
উল্লেখ্য, সেলিনা হায়াৎ আইভী দীর্ঘদিন নারায়ণগঞ্জের স্থানীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি টানা তিনবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন এবং দেশের অন্যতম আলোচিত নারী রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত।
