পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই। তিনি দেশে ফিরলে আইন অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হবে। একই সঙ্গে তাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের রাজনৈতিক ও কূটনৈতিক সদিচ্ছার প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার (১৬ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
শামা ওবায়েদ ইসলাম বলেন, শেখ হাসিনাসহ যেসব আসামি বর্তমানে ভারতে অবস্থান করছেন এবং যাদের বিরুদ্ধে বাংলাদেশে বিচার সম্পন্ন হয়েছে বা বিচারাধীন রয়েছে, তাদের ফেরাতে সরকার ধারাবাহিকভাবে যোগাযোগ করে যাচ্ছে। এ লক্ষ্যে ভারতীয় কর্তৃপক্ষের কাছে একাধিকবার চিঠি পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, “আমরা আশা করব, তারা আমাদের যোগাযোগ ও চিঠিপত্রের যথাযথ জবাব দেবে এবং কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে বিষয়টি আরও দ্রুত এগিয়ে নিয়ে তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করবে।”
বাংলাদেশ-ভারত সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়টি দুই দেশের সামগ্রিক সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে বলে তিনি মনে করেন না। তার ভাষায়, একটি দেশের সঙ্গে আরেকটি দেশের সম্পর্ক বহুমাত্রিক এবং পারস্পরিক যোগাযোগ ও সংলাপ অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, দুই দেশের মধ্যে বিভিন্ন পর্যায়ে আলোচনা ও মতবিনিময় চলমান রয়েছে। আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রেও যোগাযোগ অব্যাহত আছে এবং ভবিষ্যতেও তা চলবে।
জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গ উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, নিহত ও আহতদের পরিবার বিচার প্রক্রিয়ার অগ্রগতি দেখতে চায়। তাদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। এ কারণে সংশ্লিষ্টদের দেশে ফিরিয়ে এনে আইনি প্রক্রিয়া সম্পন্ন করার বিষয়ে সরকার আন্তরিকভাবে কাজ করছে।
তিনি বলেন, শেখ হাসিনা জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ ছেড়ে ভারতে গেছেন। বর্তমানে দেশে তার বিরুদ্ধে দেওয়া সাজা কার্যকরের দাবি আরও জোরালো হয়েছে। জনগণ চায়, যাদের বিরুদ্ধে রায় হয়েছে তাদের দেশে ফিরিয়ে এনে আইন অনুযায়ী শাস্তি কার্যকর করা হোক।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, এ বিষয়ে প্রয়োজনীয় কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং সরকার চায় প্রক্রিয়াটি যত দ্রুত সম্ভব এগিয়ে যাক।
