জাতীয় যুব দিবস ও আন্তর্জাতিক যুব দিবস পৃথকভাবে উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি বছরের ১ নভেম্বর জাতীয় যুব দিবস এবং ১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস পালিত হবে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে দীর্ঘদিন ধরে ১ নভেম্বর জাতীয় যুব দিবস এবং ১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস পালন করা হয়ে আসছিল। তবে অন্তর্বর্তী সরকারের সময়ে দুটি দিবস একত্রে ১২ আগস্ট পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২০২৫ সালে দুই দিবস একসঙ্গে পালনের সময় বর্ষাকালজনিত কারণে বিভিন্ন আয়োজন বাস্তবায়নে সমস্যা দেখা দেয়। বিশেষ করে যুব র্যালি, যুব সমাবেশ ও যুব মেলা আয়োজন ব্যাহত হয়। এতে যুব উদ্যোক্তারা তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন ও বিক্রির ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হন।
সরকারের পর্যবেক্ষণে দেখা গেছে, জাতীয় যুব দিবসের সঙ্গে সংশ্লিষ্ট মেলার মতো কার্যক্রম অন্য সময়ে আয়োজন করলে কাঙ্ক্ষিত জনসম্পৃক্ততা এবং বাণিজ্যিক সাফল্য পাওয়া যায় না। ফলে দিবস দুটি পৃথকভাবে পালনের প্রয়োজনীয়তা অনুভূত হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাতীয় যুব দিবস সরকারি অর্থায়নে আয়োজন করা হলেও আন্তর্জাতিক যুব দিবস সাধারণত সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং উন্নয়ন সহযোগী সংস্থার অংশগ্রহণে পালিত হয়ে থাকে। এ কারণে দুটি দিবসের কার্যক্রম ও উদ্দেশ্যের মধ্যে পার্থক্য রয়েছে।
সব দিক বিবেচনায় নিয়ে মন্ত্রিসভা জাতীয় যুব দিবস ও আন্তর্জাতিক যুব দিবস পৃথক তারিখে উদযাপনের প্রস্তাব অনুমোদন করেছে। এর ফলে আগামী বছরগুলোতে আগের ধারায় ১ নভেম্বর জাতীয় যুব দিবস এবং ১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস পালিত হবে।
