ভারতের উজান থেকে নেমে আসা ঢল এবং টানা ভারি বৃষ্টির কারণে তিস্তা নদীর পানি আবারও বৃদ্ধি পেয়েছে। নীলফামারীর ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপৎসীমার কাছাকাছি পৌঁছায়। পানির চাপ নিয়ন্ত্রণে রাখতে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দিয়েছে কর্তৃপক্ষ।
সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেন পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ডালিয়া ডিভিশনের তিস্তা নদীর পানি পরিমাপক নুরুল ইসলাম।
তিনি জানান, সকাল ৯টায় ডিমলা উপজেলার ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানির সমতল রেকর্ড করা হয় ৫২ দশমিক ১০ মিটার, যা ওই পয়েন্টের নির্ধারিত বিপৎসীমা ৫২ দশমিক ১৫ মিটারের মাত্র ৫ সেন্টিমিটার নিচে। একই দিন সকাল ৬টাতেও পানির উচ্চতা একই পর্যায়ে ছিল।
পাউবোর ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে সকাল ৯টায় বিপৎসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং পানি আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
তিনি আরও জানান, পানির অতিরিক্ত চাপ সামাল দিতে ও সম্ভাব্য ঝুঁকি কমাতে তিস্তা ব্যারাজের সবকটি ৪৪টি জলকপাট খুলে দেওয়া হয়েছে।
উজানের ঢল অব্যাহত থাকায় নদী তীরবর্তী নিম্নাঞ্চলের পরিস্থিতি নিয়ে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সতর্ক অবস্থানে রয়েছে।
