বাংলা কিউআর ব্যবহারে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে আয়োজিত ‘বাংলা কিউআর রিলস মেকিং প্রতিযোগিতা’র ১০ বিজয়ীর হাতে পুরস্কার তুলে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ উপলক্ষে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার (২০ জুলাই) অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভর্নর মো. মোস্তাকুর রহমান। তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে ডেপুটি গভর্নররা, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)-এর প্রধান, নির্বাহী পরিচালক ও পরিচালকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে গভর্নর বলেন, গত ১ জুলাই থেকে দেশব্যাপী বাংলা কিউআর ব্যবহারের বিষয়টি বাধ্যতামূলক করা হয়েছে। এর ফলে নগদ অর্থ বহনের ঝুঁকি কমবে এবং আর্থিক লেনদেন আরও সহজ, দ্রুত ও নিরাপদ হবে। পাশাপাশি জাল ও ক্ষতিগ্রস্ত নোট ব্যবহারের কারণে যে ভোগান্তি তৈরি হয়, তাও হ্রাস পাবে।
তিনি আরও বলেন, বিশ্বব্যাপী আর্থিক লেনদেনে আধুনিক ডিজিটাল প্রযুক্তির ব্যবহার দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বাংলা কিউআরের মাধ্যমে বাংলাদেশও সেই ধারার সঙ্গে এগিয়ে যাচ্ছে। ভবিষ্যতে লেনদেন ব্যবস্থায় আরও আধুনিক প্রযুক্তির সংযোজন নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
মো. মোস্তাকুর রহমান জানান, সব ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠানের মাধ্যমে গ্রাহকদের বাংলা কিউআর ব্যবহারের সুযোগ নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা জারি করেছে।
কেন্দ্রীয় ব্যাংক জানায়, বাংলা কিউআর সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহার সম্প্রসারণের উদ্দেশ্যে রিলস মেকিং প্রতিযোগিতার আয়োজন করা হয়। এর মাধ্যমে ডিজিটাল লেনদেন ব্যবস্থাকে আরও জনপ্রিয় করে তোলার চেষ্টা চলছে।
