দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৬৩৩ টাকা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকায়। মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে এ মূল্য কার্যকর হয়েছে।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, মঙ্গলবার সকালে অনুষ্ঠিত বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন মূল্যতালিকা প্রকাশ করা হয়।
নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৫৭৫ টাকা বেড়ে ২ লাখ ১১ হাজার ৪৬৮ টাকা নির্ধারণ করা হয়েছে। একইভাবে ১৮ ক্যারেটের সোনার দাম ১ হাজার ৩৪১ টাকা বৃদ্ধি পেয়ে হয়েছে ১ লাখ ৮১ হাজার ৬০৮ টাকা। সনাতন পদ্ধতির সোনার দামও ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে প্রতি ভরি ১ লাখ ৪৮ হাজার ৩৬৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ১৪ জুলাই সোনার দাম কমানো হয়েছিল। তখন ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার মূল্য ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা নির্ধারণ করা হয়। একই সময়ে ২১ ক্যারেট, ১৮ ক্যারেট এবং সনাতন পদ্ধতির সোনার দামও যথাক্রমে ২ হাজার ১০০ টাকা, ১ হাজার ৮০৮ টাকা এবং ১ হাজার ৪৫৮ টাকা কমানো হয়েছিল।
তবে সোনার দাম বাড়লেও রুপার বাজারে কোনো পরিবর্তন আসেনি। ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৬০৭ টাকা, ২১ ক্যারেটের ৪ হাজার ৩৭৪ টাকা, ১৮ ক্যারেটের ৩ হাজার ৭৯০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ২ হাজার ৮৫৭ টাকাই বহাল রয়েছে।
বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ৯২ দফা সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪৫ বার দাম বৃদ্ধি এবং ৪৭ বার দাম কমানো হয়েছে। অন্যদিকে ২০২৫ সালে মোট ৯৩ বার মূল্য সমন্বয়ের মধ্যে ৬৪ বার দাম বাড়ানো এবং ২৯ বার কমানো হয়েছিল।
উল্লেখ্য, দেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ দাম নির্ধারণ করা হয়েছিল চলতি বছরের ২৯ জানুয়ারি। সেদিন ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার মূল্য ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে ২ লাখ ৮৬ হাজার ১ টাকায় উন্নীত করা হয়, যা এখনো সর্বোচ্চ রেকর্ড হিসেবে রয়েছে।
