ভারতের রাজধানী দিল্লিতে চলমান বিক্ষোভ পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি দাবি করেন, ভারতের বর্তমান পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে প্রধানমন্ত্রী মোদিকেও দেশ ছাড়তে হতে পারে।
বুধবার রাত ৯টার দিকে বাগেরহাটের মোংলায় এনসিপির ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
হাসনাত আবদুল্লাহ বলেন, “আমরা দেখেছি, শেখ হাসিনা যে দেশে যান, সেই দেশের পরিস্থিতি অস্থিতিশীল হয়ে পড়ে। এখন এমন পরিস্থিতি হয়েছে যে তিনি বাংলাদেশে ফিরলে মনে হয় মোদিকেও সঙ্গে নিয়ে ফিরতে হবে। ভারতে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে মোদিকেও পালাতে হতে পারে।”
পথসভায় তিনি অভিযোগ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর মোংলায় শেখ হাসিনা সরকারের সময়কার মতো গুমের ঘটনার পুনরাবৃত্তি হয়েছে। তাঁর ভাষায়, এ ধরনের ঘটনা দেশের ইতিহাসে একটি “কালো অধ্যায়” হিসেবে চিহ্নিত হবে।
গুম কমিশন প্রসঙ্গেও বক্তব্য দেন এনসিপির এই নেতা। তিনি বলেন, গুমের অভিযোগ তদন্তে কমিশন গঠনের সুপারিশ করা হলেও যে রাজনৈতিক দলের সবচেয়ে বেশি নেতা-কর্মী নির্যাতনের শিকার হয়েছেন, সেই দলই এখন কমিশনের বিরোধিতা করছে। তাঁর দাবি, দেশে এখনো “হাসিনা কাঠামো” বহাল রয়েছে।
ভারতের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, দিল্লির চলমান বিক্ষোভ দেশটির রাজনৈতিক পরিস্থিতিকে নতুন চ্যালেঞ্জের মুখে ফেলেছে।
সভা শেষে মোংলা পোর্ট পৌরসভা নির্বাচনে মেয়র পদে এনসিপির প্রার্থী হিসেবে দলের দক্ষিণাঞ্চলের মুখ্য যুগ্ম সংগঠক মোল্যা রহমাতুল্লাহর নাম ঘোষণা করেন এবং উপস্থিত জনতার সঙ্গে তাঁর পরিচয় করিয়ে দেন হাসনাত আবদুল্লাহ।
অনুষ্ঠানে এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
