বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নতুন উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর) হিসেবে অধ্যাপক ড. মুহাম্মদ শরীফুল ইসলামকে নিয়োগ দিয়েছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগের ঘোষণা দেওয়া হয়েছে। তিনি বর্তমান উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরীর স্থলাভিষিক্ত হচ্ছেন।
শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, অধ্যাপক ড. মুহাম্মদ শরীফুল ইসলাম বর্তমানে বুয়েটের পুরকৌশল (সিভিল ইঞ্জিনিয়ারিং) বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি বিশ্ববিদ্যালয়ের রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার ফর সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (আরএআইএসি)-এর পরিচালক হিসেবেও দায়িত্বে রয়েছেন।
ড. শরীফুল ইসলাম ১৯৯৭ সালে বুয়েটের পুরকৌশল বিভাগ থেকে কৃতিত্বের সঙ্গে বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন। একই বছর তিনি বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগ দেন। পরবর্তী সময়ে বিভিন্ন একাডেমিক দায়িত্ব পালন করে ২০১৩ সালে অধ্যাপক পদে উন্নীত হন।
উচ্চশিক্ষার জন্য তিনি জাপানের সাইতামা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন। সেখানে ২০০২ সালে পিএইচডি সম্পন্ন করার পর আরও দুই বছর পোস্টডক্টরাল গবেষণায় যুক্ত ছিলেন।
কুমিল্লার কোটবাড়ীতে জন্ম নেওয়া ড. শরীফুল ইসলাম ছাত্রজীবনেও কৃতিত্বের স্বাক্ষর রাখেন। ১৯৮৮ সালে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, কুমিল্লা থেকে এসএসসি পরীক্ষায় সম্মিলিত মেধাতালিকায় ১২তম এবং ১৯৯০ সালে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় সম্মিলিত মেধাতালিকায় দ্বিতীয় স্থান অর্জন করেন।
গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রেও রয়েছে তার উল্লেখযোগ্য অবদান। তার উদ্ভাবিত ভেটিভারভিত্তিক বায়োইঞ্জিনিয়ারিং প্রযুক্তি বাংলাদেশ ছাড়াও কম্বোডিয়া, ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশের অবকাঠামো উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ প্রকল্পে ব্যবহৃত হচ্ছে।
এ ছাড়া দেশি-বিদেশি ৯০টিরও বেশি এমএস ও পিএইচডি গবেষণার তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন অধ্যাপক ড. মুহাম্মদ শরীফুল ইসলাম।
