বাংলাদেশে একজন নারীকে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন লেখক, অ্যাক্টিভিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক পিনাকী ভট্টাচার্য। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ বিষয়ে নিজের মতামত তুলে ধরে বিএনপির মধ্য থেকেই যোগ্য নারী নেত্রীকে এ পদে মনোনয়নের পরামর্শ দেন।
শুক্রবার (২৪ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে বাংলাদেশে একজন নারীকে রাষ্ট্রপতি করার পক্ষে মত প্রকাশ করেন পিনাকী ভট্টাচার্য।
পোস্টে তিনি লেখেন, “বাংলাদেশে একজন নারী রাষ্ট্রপতি হোক। বিএনপি এবং তারেক রহমানের জন্য এইটা একটা ইতিহাস সৃষ্টিকারী গ্রাউন্ড ব্রেকিং এচিভমেন্ট হবে।”
তিনি আরও উল্লেখ করেন, এ জন্য দলের বাইরের কাউকে খুঁজে আনার প্রয়োজন নেই। তাঁর মতে, বিএনপির মধ্যেই এমন অনেক জ্যেষ্ঠ নারী নেত্রী রয়েছেন, যারা রাষ্ট্রপতির দায়িত্ব পালনের যোগ্য। তবে প্রয়োজন হলে সর্বজনগ্রাহ্য কোনো নারী ব্যক্তিত্বকেও রাষ্ট্রপতি পদে বিবেচনা করা যেতে পারে বলেও তিনি মত দেন।
পোস্টের শেষাংশে নিজের একটি ব্যক্তিগত আকাঙ্ক্ষার কথাও তুলে ধরেন পিনাকী ভট্টাচার্য। তিনি লেখেন, “আমার স্বপ্ন ছিলো, খালেদা জিয়াকে বাংলাদেশের প্রথম নারী রাষ্ট্রপতি হিসাবে দেখা। সেই সৌভাগ্য তো হলোনা।”
পিনাকী ভট্টাচার্যের এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে নারী নেতৃত্ব এবং রাষ্ট্রপতি পদে সম্ভাব্য মনোনয়ন নিয়ে আলোচনার জন্ম দিয়েছে। তবে তাঁর এই বক্তব্য ব্যক্তিগত মতামত হিসেবে ফেসবুক পোস্টে প্রকাশিত হয়েছে।
