ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় দক্ষিণ-পূর্ব এশিয়ার বন্ধুত্ব ও সহযোগিতা চুক্তি (টিএসি)-এর ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের ফাঁকে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আলখেরেইজির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শুক্রবার (২৪ জুলাই) ম্যানিলায় টিএসি-এর ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সাইডলাইনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আলখেরেইজির মধ্যে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
বর্তমানে ড. খলিলুর রহমান ফিলিপাইন সফরে রয়েছেন। তিনি টিএসি-এর ৫০ বছর পূর্তি উদ্যাপন এবং ৩৩তম আসিয়ান আঞ্চলিক ফোরাম (এআরএফ)-এর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নিতে ম্যানিলা সফর করছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই সফরের অংশ হিসেবে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে। সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এ শুভেচ্ছা বিনিময়ও সেই কর্মসূচিরই অংশ।
