ফেনী জেলার পরশুরাম সীমান্ত দিয়ে সাত নারী-শিশুকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ ইন) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তা প্রতিহত করলে শেষ পর্যন্ত ওই ব্যক্তিদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেয় বিএসএফ। শনিবার (২৫ জুলাই) সকালে পশ্চিম সাহেবনগর সীমান্তে এ ঘটনা ঘটে।
বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার ভোর আনুমানিক পৌনে পাঁচটার দিকে পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের পশ্চিম সাহেবনগর-দুর্গাপুর সীমান্ত এলাকা দিয়ে সাত নারী-শিশুকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে বিএসএফ। তারা শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশে ঢোকার চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাৎক্ষণিকভাবে বাধা দেন।
পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বিএসএফ ওই নারী-শিশুদের আবার ভারতের ভেতরে ফিরিয়ে নিয়ে যায়। পরে সকাল ১০টার দিকে পশ্চিম সাহেবনগর সীমান্তের শূন্যরেখা থেকে তাদের সম্পূর্ণভাবে সরিয়ে নেওয়া হয়।
বিজিবির তথ্য অনুযায়ী, বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করা সাতজনই বাংলাভাষী ভারতীয় নাগরিক।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজিবি-৪ ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, “বিজিবি ৪ ফেনী ব্যাটালিয়নের পক্ষ থেকে এ ঘটনার কড়া প্রতিবাদ জানানো হয়েছে। ফেনী সীমান্ত দিয়ে কোনোভাবেই অবৈধ পুশ ইনের চেষ্টা সফল হবে না। সীমান্তে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।”
বিজিবি জানিয়েছে, সীমান্তে নিরাপত্তা জোরদারের পাশাপাশি যেকোনো অবৈধ অনুপ্রবেশ বা পুশ ইনের চেষ্টা প্রতিহত করতে বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
