মালদ্বীপের স্বাধীনতার ৬১তম বার্ষিকী উদযাপনে অংশ নিতে তিন দিনের সরকারি সফরে রাজধানী মালে পৌঁছেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। সফরকালে তিনি দেশটির রাষ্ট্রপতি ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। এতে দুই দেশের দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণসহ বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
শনিবার (২৫ জুলাই) মালদ্বীপে পৌঁছালে ভেলানা আন্তর্জাতিক বিমানবন্দরে ড. খলিলুর রহমানকে স্বাগত জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদম। এ সময় মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
২৫ থেকে ২৭ জুলাই পর্যন্ত নির্ধারিত এ সরকারি সফরে পররাষ্ট্রমন্ত্রী মালদ্বীপের রাষ্ট্রপতি ড. মোহাম্মদ মুইজ্জুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পাশাপাশি তিনি মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদামের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বৈঠকে বাংলাদেশ ও মালদ্বীপের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করার বিষয়ে গুরুত্ব দেওয়া হবে। একই সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, জনশক্তি, পর্যটন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য খাতে সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা হবে।
এ ছাড়া বৈঠকে দুই দেশের শীর্ষ কূটনীতিকরা আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন সমসাময়িক ইস্যুতেও মতবিনিময় করবেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটি ড. খলিলুর রহমানের প্রথম মালদ্বীপ সফর।
