সেনাবাহিনীর কর্মকর্তাদের পদোন্নতির ক্ষেত্রে ব্যক্তিগত বা রাজনৈতিক বিবেচনার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, পদোন্নতি একটি গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া এবং যোগ্যতা, সততা, নেতৃত্ব ও পেশাগত দক্ষতার ভিত্তিতেই কর্মকর্তাদের মূল্যায়ন করা উচিত।
রোববার (২৬ জুলাই) সকালে ‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধনকালে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, যোগ্য কর্মকর্তাদের মূল্যায়নের ক্ষেত্রে তাঁদের পেশাগত সক্ষমতা, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলা, সততা, বিশ্বস্ততা, আনুগত্য এবং সামগ্রিক কর্মদক্ষতা বিবেচনায় নিতে হবে। এ প্রক্রিয়ায় কোনো ধরনের ব্যক্তিগত বা রাজনৈতিক প্রভাব গ্রহণযোগ্য নয়।
তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, স্থিতিশীলতা নিশ্চিত করা এবং দুর্যোগ মোকাবিলায় বেসামরিক প্রশাসনকে সহায়তা দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
সেনাবাহিনীর এ অবদানের জন্য সেনাপ্রধান থেকে শুরু করে বাহিনীর সব সদস্যকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।
এর আগে সেনাবাহিনী সদর দপ্তরে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান এবং চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস)। অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান প্রধানমন্ত্রীর ব্যস্ততার মধ্যেও পদোন্নতি পর্ষদের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
