নতুন রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতির অংশ হিসেবে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, তফসিল ঘোষণার আগে প্রচলিত নিয়ম অনুসরণ করেই এ বৈঠকের আয়োজন করা হবে।
রোববার (২৬ জুলাই) নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য স্পিকারের কাছে সময় চাওয়া হবে। নিয়ম অনুযায়ী তফসিল ঘোষণার আগে প্রধান নির্বাচন কমিশনার স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেন।
ইসি সূত্রে জানা গেছে, এদিন সিইসির কার্যালয়ে সব নির্বাচন কমিশনার এবং জ্যেষ্ঠ সচিবকে নিয়ে একটি অনির্ধারিত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন-সংক্রান্ত আইনি বিষয়গুলো পর্যালোচনা করা হয়। পরবর্তী কার্যক্রম নির্ধারণ এবং তফসিল ঘোষণার প্রক্রিয়া এগিয়ে নিতে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়।
সংবিধান ও প্রচলিত বিধান অনুযায়ী, জাতীয় সংসদের সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন। এ প্রক্রিয়ায় সংসদ সচিবালয় থেকে সংসদ সদস্যদের তালিকা নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠানো হবে। সেই তালিকার ভিত্তিতে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা প্রস্তুত করবে নির্বাচন কমিশন। এরপর আনুষ্ঠানিকভাবে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
উল্লেখ্য, গত শুক্রবার বিকেলে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। এরপর সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। সংবিধানের বিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে হবে।
