এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আবার চালু হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা–নারিতা সরাসরি ফ্লাইট। সরকারের প্রত্যাশা, এ রুটে পুনরায় ফ্লাইট পরিচালনার মাধ্যমে বাংলাদেশ ও জাপানের মধ্যে বিনিয়োগ, বাণিজ্য, শিক্ষা এবং জনসম্পর্ক আরও জোরদার হবে।
রোববার দিবাগত রাতে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকা–নারিতা রুটে সরাসরি ফ্লাইট পুনরায় চালুর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ফিতা কেটে উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। একই সঙ্গে ফিরতি ফ্লাইটসহ পরবর্তী যাত্রাগুলোর বুকিং কার্যক্রমও শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম বলেন, “ভবিষ্যতে এ পথে ফ্লাইট আর বন্ধ করার প্রশ্নই আসে না।” তিনি আশা প্রকাশ করেন, এবার এ রুটটি লাভজনক হবে। একই সঙ্গে ঢাকা–নারিতা ফ্লাইট পুনরায় চালুর ফলে জাপানপ্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
‘মিট অ্যান্ড গ্রিট’ শীর্ষক অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, ঢাকা–নারিতা সরাসরি ফ্লাইট পুনরায় চালু হওয়া সম্মিলিত প্রচেষ্টার ফল। প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁর ভাষ্য, এই রুট চালুর মাধ্যমে বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং দুই দেশের অর্থনৈতিক সহযোগিতার নতুন সম্ভাবনা সৃষ্টি হবে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, অন্তর্বর্তী সরকারের সময়ে ২০২৫ সালের ১ জুলাই ঢাকা–নারিতা সরাসরি ফ্লাইট স্থগিত করা হয়েছিল। এক বছরের বেশি সময় পর গতকাল দিবাগত রাত ২টা ২৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৭৬ ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাপানের নারিতার উদ্দেশে ছেড়ে যায়। এর মধ্য দিয়ে রুটটিতে নিয়মিত ফ্লাইট পরিচালনা আবার শুরু হলো।
সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, অতীতেও এ রুটে সরাসরি ফ্লাইট চালু হয়েছিল। তবে পর্যাপ্ত লাভজনক না হওয়ায় তা পরে বন্ধ করে দেওয়া হয়েছিল। এবার নতুনভাবে চালু হওয়া এই রুটের মাধ্যমে যাত্রীসেবা ও দুই দেশের যোগাযোগ আরও সম্প্রসারিত হবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।
