মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন।
মঙ্গলবার (২৮ জুলাই) মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে টেলিফোনে আলাপকালে প্রধানমন্ত্রী এ সহযোগিতা চান। পরে বিষয়টি নিশ্চিত করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী জানান, গ্যাস সরবরাহ সংকট নিরসনে প্রধানমন্ত্রী সোমবার আনোয়ার ইব্রাহিমকে একটি চিঠি পাঠান। মঙ্গলবার মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন চিঠিটি হস্তান্তর করেন। এতে বাংলাদেশের গ্যাসের চাহিদা ও সরবরাহের ব্যবধান কমাতে মালয়েশিয়ার সহযোগিতা চাওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, ফোনালাপে আনোয়ার ইব্রাহিম তাঁর দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে বাংলাদেশকে কীভাবে সহায়তা করা যায়, সে বিষয়ে দ্রুত জানাবেন বলে আশ্বাস দিয়েছেন।
তিনি আরও বলেন, “তাৎক্ষণিক সমাধানের কোনো সুযোগ আছে কি না, তারা সেটি খতিয়ে দেখবেন। যদি দ্রুত সমাধান দেওয়া সম্ভব হয়, সেটি হবে ইতিবাচক। তা না হলে কোন পদ্ধতিতে সহযোগিতা করা যায়, সে বিষয়ে তারা জানাবেন।”
অনিন্দ্য ইসলাম অমিত জানান, মালয়েশিয়া থেকে এলএনজি আমদানির সম্ভাবনা নিয়ে বাংলাদেশ আগে থেকেই কাজ করছে। এলএনজি সরবরাহের পাশাপাশি জ্বালানি খাতে অভিজ্ঞতা, কারিগরি পরামর্শ এবং প্রয়োজনীয় সম্পদ ভাগাভাগির মাধ্যমেও দেশটি বাংলাদেশকে সহযোগিতা করতে পারে কি না, সে বিষয়েও দুই পক্ষের মধ্যে আলোচনা হয়েছে।
সরকার আশা করছে, মালয়েশিয়ার সম্ভাব্য সহায়তা বাস্তবায়িত হলে চলমান গ্যাস সংকট মোকাবিলায় তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
