তুরস্কে অনুষ্ঠেয় জাতিসংঘের জলবায়ু সম্মেলনে বাংলাদেশের অবস্থান তুলে ধরার প্রস্তুতি চলছে
আগামী নভেম্বরে তুরস্কে অনুষ্ঠিত হতে যাওয়া জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এ অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কূটনৈতিক সূত্রে এ তথ্য জানা গেছে। সম্মেলনটি তুরস্কের আনাতোলিয়া অঞ্চলে আয়োজনের প্রস্তুতি চলছে।
কূটনৈতিক সূত্র জানায়, কপ-৩১ সম্মেলনকে সামনে রেখে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের অগ্রাধিকারমূলক বিষয়গুলো চূড়ান্ত করার কাজ চলছে। এর মধ্যে রয়েছে কার্বন নিঃসরণ কমানো, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় অভিযোজন কার্যক্রম, ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ, জলবায়ু অর্থায়ন এবং প্রযুক্তি হস্তান্তরের মতো গুরুত্বপূর্ণ বিষয়।
এ লক্ষ্যে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলো প্রয়োজনীয় প্রস্তুতি ও সমন্বয় কার্যক্রম শুরু করেছে। সম্মেলনে বাংলাদেশের অবস্থান ও দাবি তুলে ধরতে বিভিন্ন পর্যায়ে আলোচনা চলছে।
বিশ্বের অন্যতম বৃহৎ জলবায়ু সম্মেলন হিসেবে কপ-৩১-এ জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সনদের ১৯৭টি পক্ষের মধ্যে ১৯৬টি দেশ ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা অংশ নেবেন। পাশাপাশি আন্তর্জাতিক সংস্থা, বিজ্ঞানী, নীতিনির্ধারক, ব্যবসায়ী, গণমাধ্যমকর্মী, বেসরকারি সংস্থা (এনজিও) এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের উপস্থিতি থাকবে। আয়োজকদের প্রত্যাশা, সম্মেলনে প্রায় এক লাখ অংশগ্রহণকারী যুক্ত হবেন।
এবারের সম্মেলনে বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় কার্বন নিঃসরণ হ্রাস, জলবায়ু অভিযোজন, ক্ষয়ক্ষতি মোকাবিলায় অর্থ সহায়তা, জলবায়ু অর্থায়ন, প্রযুক্তি বিনিময়, নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ, খাদ্য নিরাপত্তা এবং জলবায়ু সহনশীল উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে।
বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি হওয়ায় আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় অভিযোজন, অর্থায়ন ও ক্ষতিপূরণের বিষয়গুলোকে বিশেষ গুরুত্ব দিয়ে আসছে। কপ-৩১ সম্মেলনেও এসব বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
