স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসে ফল ও সবজির গুরুত্ব অপরিসীম। তবে অনেকের মনে প্রশ্ন থাকে—তাজা ফল ও সবজি বেশি পুষ্টিকর, নাকি হিমায়িত (ফ্রোজেন) পণ্য? পুষ্টিবিজ্ঞানীদের মতে, এই প্রশ্নের উত্তর নির্ভর করে সংরক্ষণ, পরিবহন ও ব্যবহারের পদ্ধতির ওপর। অনেক ক্ষেত্রে হিমায়িত ফল ও সবজিও তাজা পণ্যের সমপরিমাণ, এমনকি কখনো কখনো তার চেয়েও বেশি পুষ্টিগুণ ধরে রাখতে সক্ষম হয়।
বাজারে তাজা ফল বা সবজি দেখলেই অনেকেই ধরে নেন সেটিই সবচেয়ে পুষ্টিকর। তবে বাস্তবে খেত বা বাগান থেকে সংগ্রহের পর এসব পণ্য ভোক্তার হাতে পৌঁছাতে বাছাই, প্যাকেটজাত, পরিবহন ও সংরক্ষণের মতো একাধিক ধাপ অতিক্রম করে। অনেক সময় এই পুরো প্রক্রিয়ায় কয়েক দিন থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত লেগে যায়।
এ সময় আলো, অক্সিজেন ও তাপমাত্রার প্রভাবে বিশেষ করে ভিটামিন সি এবং ভিটামিন বি–এর মতো সংবেদনশীল পুষ্টি উপাদান ধীরে ধীরে কমে যেতে পারে। ফলে বাজারের সব তাজা পণ্য সমানভাবে পুষ্টিকর থাকবে—এমন ধারণা সব ক্ষেত্রে সঠিক নয়।
তবে তাজা ফল ও সবজির গুরুত্বও কম নয়। মৌসুমি এবং স্থানীয়ভাবে উৎপাদিত ফল ও সবজি দ্রুত খাওয়া হলে সেগুলোর স্বাদ ও পুষ্টিগুণ ভালোভাবে বজায় থাকে।
শীতকালীন সবজি, গ্রীষ্মের রসাল ফল কিংবা মৌসুমি শাকসবজি স্বাদ ও মান—উভয় দিক থেকেই বিশেষ সুবিধা দেয়। তাই সংগ্রহের পর দ্রুত খাওয়ার সুযোগ থাকলে তাজা পণ্যই ভালো বিকল্প হতে পারে।
বিশেষজ্ঞদের মতে, নিয়মিত ফল ও সবজি খাদ্যতালিকায় রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এ ক্ষেত্রে হিমায়িত ফল ও সবজি কার্যকর বিকল্প হিসেবে কাজ করতে পারে।
সঠিক নিয়মে সংরক্ষিত ফ্রোজেন পণ্য দীর্ঘদিন ভালো থাকে, সহজে নষ্ট হয় না এবং প্রয়োজনের সময় দ্রুত ব্যবহার করা যায়। ব্যস্ত জীবনযাত্রায় এটি পুষ্টিকর খাবার সহজলভ্য করার পাশাপাশি খাদ্যের অপচয়ও কমায়।
তবে সব ধরনের হিমায়িত খাদ্য একই মানের নয়। সাধারণ ফ্রোজেন ফল ও সবজি স্বাস্থ্যকর হতে পারে, কিন্তু অতিরিক্ত চিনি, লবণ, সস বা বিভিন্ন প্রক্রিয়াজাত উপাদানযুক্ত হিমায়িত খাবার স্বাস্থ্যকর বিকল্প হিসেবে বিবেচিত হয় না।
উদাহরণ হিসেবে, সাধারণ হিমায়িত স্ট্রবেরি পুষ্টিকর হলেও অতিরিক্ত চিনিযুক্ত ফ্রোজেন ডেজার্ট সেই সুবিধা দেয় না। তাই এমন পণ্য কেনার আগে লেবেলে থাকা উপাদান ভালোভাবে দেখে নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
পুষ্টিগুণ ধরে রাখতে রান্নার পদ্ধতিও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফল বা সবজি তাজা কিংবা হিমায়িত—যাই হোক না কেন, অতিরিক্ত সময় ধরে রান্না করলে অনেক পুষ্টি উপাদান নষ্ট হতে পারে।
বিশেষ করে দীর্ঘ সময় সেদ্ধ করলে পানিতে দ্রবণীয় কিছু ভিটামিন কমে যায়। তুলনামূলকভাবে ভাপে সেদ্ধ করা, বেক করা বা অল্প সময় রান্না করলে পুষ্টিগুণ বেশি সংরক্ষিত থাকে।
পুষ্টিবিদদের মতে, তাজা ও হিমায়িত—উভয় ধরনের ফল ও সবজিরই নিজস্ব সুবিধা রয়েছে।
যদি সংগ্রহের পর দ্রুত খাওয়া সম্ভব হয়, তাহলে তাজা ফল ও সবজি আদর্শ। অন্যদিকে দীর্ঘ দূরত্ব থেকে আনা, দীর্ঘ সময় সংরক্ষিত বা পরে ব্যবহারের জন্য রাখা পণ্যের ক্ষেত্রে হিমায়িত বিকল্প অনেক সময় বেশি কার্যকর হতে পারে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, নিয়মিত খাদ্যতালিকায় পর্যাপ্ত ফল ও সবজি রাখা। বাজারের তাজা পণ্য হোক বা ফ্রিজারের হিমায়িত খাবার—দুটির সমন্বিত ব্যবহারই হতে পারে একটি ভারসাম্যপূর্ণ ও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের বাস্তবসম্মত উপায়।
সূত্র: হেলথলাইন
