ইরানের হামলার পর সংহতি প্রকাশ করায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। একই সঙ্গে তিনি সুবিধাজনক সময়ে সরকারি সফরে বাংলাদেশে আসার আগ্রহের কথাও জানিয়েছেন।
বৃহস্পতিবার ঢাকাস্থ ইউএই দূতাবাস জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পাঠানো এক চিঠিতে আমিরাতের প্রেসিডেন্ট কঠিন সময়ে বাংলাদেশের সমর্থনের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
চিঠিতে ইরানের হামলায় দুই বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেন শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। তিনি নিহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং বাংলাদেশের জনগণের প্রতিও সহমর্মিতা প্রকাশ করেন।
তিনি বলেন, অর্থনৈতিক, উন্নয়ন ও মানবিক খাতে পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণের মাধ্যমে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের দীর্ঘদিনের অংশীদারিত্বকে আরও শক্তিশালী করতে তার দেশ প্রতিশ্রুতিবদ্ধ।
প্রধানমন্ত্রী তারেক রহমানের আমন্ত্রণের জন্য কৃতজ্ঞতা জানিয়ে ইউএই প্রেসিডেন্ট বলেন, প্রথম সুবিধাজনক সুযোগেই সরকারি সফরে ঢাকা সফর করতে তিনি আগ্রহী। তার আশা, এ সফর দুই বন্ধুপ্রতিম দেশের বিদ্যমান সম্পর্ককে আরও গভীর ও বহুমাত্রিক পর্যায়ে নিয়ে যেতে সহায়ক হবে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, পারস্পরিক শ্রদ্ধা, দীর্ঘদিনের বন্ধুত্ব এবং আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির প্রতি অভিন্ন অঙ্গীকারের ভিত্তিতে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে দৃঢ় ও বহুমুখী সম্পর্ক গড়ে উঠেছে।
সূত্র: বাসস।
