প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। শনিবার সকালে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি সমাধানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে ৯টায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর।
বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। পাশাপাশি দীর্ঘদিন ধরে চলমান রোহিঙ্গা সংকটের টেকসই ও দীর্ঘমেয়াদি সমাধানের বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়।
এর আগে শুক্রবার সার্জিও গর কক্সবাজারের উখিয়া ও টেকনাফে অবস্থিত রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেন। সেখানে তিনি ক্যাম্পের সার্বিক পরিস্থিতি সম্পর্কে ধারণা নেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই বিশেষ দূত তিন দিনের সরকারি সফরে গত ৩০ জুলাই ঢাকায় পৌঁছান। সংশ্লিষ্টরা তার এ সফরকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান কূটনৈতিক সংলাপের ধারাবাহিকতার অংশ হিসেবে দেখছেন।
