চলতি আগস্ট মাসে সরকারি চাকরিজীবীদের জন্য দুই দফায় টানা চার দিন করে মোট আট দিনের দীর্ঘ ছুটির সুযোগ তৈরি হয়েছে। সরকারি সাধারণ ছুটির সঙ্গে এক দিন নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটি সমন্বয় করতে পারলে এই দীর্ঘ অবকাশ উপভোগ করা সম্ভব হবে।
সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ৫ আগস্ট (বুধবার) ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে সারা দেশে সাধারণ ছুটি থাকবে। এর পরদিন ৬ আগস্ট (বৃহস্পতিবার) সরকারি অফিস খোলা থাকবে। তবে ওই দিন কেউ নৈমিত্তিক ছুটি নিলে ৫ আগস্টের সরকারি ছুটির সঙ্গে ৭ ও ৮ আগস্টের (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে টানা চার দিনের অবকাশ মিলবে।
মাসের শেষ ভাগেও একই ধরনের সুযোগ রয়েছে। ২৬ আগস্ট (বুধবার) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ছুটি নির্ধারিত আছে। তবে এ ছুটি চাঁদ দেখার ওপর নির্ভরশীল।
ঈদে মিলাদুন্নবীর পরদিন ২৭ আগস্ট (বৃহস্পতিবার) কেউ নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটি গ্রহণ করলে ২৮ ও ২৯ আগস্টের (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে আবারও টানা চার দিনের ছুটি উপভোগ করা যাবে।
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত সব প্রতিষ্ঠানে সাধারণ ছুটি পালন করা হয়। এছাড়া অনেক বেসরকারি প্রতিষ্ঠানও এ উপলক্ষে ছুটি ঘোষণা করে থাকে।
তবে জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও কর্মীদের ক্ষেত্রে এ ছুটির সুবিধা প্রযোজ্য হবে না।
